যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কাজের অনুমোদনে কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হলে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা সার্টিফিকেশন হারাতে পারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়।
গত ২৪ আগস্ট জারি করা এক মেমোতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মেমোটি পাঠানো হয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অধীন ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ (এসইভিপি) থেকে।
মেমোতে বলা হয়েছে, সিপিটি অনুমোদনের সংখ্যা ‘আশঙ্কাজনকভাবে’ বেড়েছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে। অথচ নিয়ম অনুযায়ী, কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) কেবল পাঠ্যক্রমের অপরিহার্য অংশ হিসেবে অনুমোদন দেওয়ার কথা।
নির্দেশনায় আরো বলা হয়েছে, এসইভিপির নিয়ম মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থী ভর্তির সার্টিফিকেশন হারাতে পারে।
শীর্ষ বিশ্ববিদ্যালয়েও প্রভাব
নতুন নির্দেশনা জারির পর যুক্তরাষ্ট্রের একাধিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাজের অনুমোদনের আবেদন স্থগিত করেছে।
লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউসিএলএ) এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় এ পদক্ষেপ নিয়েছে।
ইউসিএলের এক মুখপাত্র জানান, সাম্প্রতিক সরকারি নির্দেশনা পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি নির্দিষ্ট কিছু কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের অনুমোদন স্থগিত রেখেছে।
বার্কলের আন্তর্জাতিক দপ্তরও শিক্ষার্থীদের আগাম পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। দপ্তরটি জানিয়েছে, ‘অদূর ভবিষ্যতে’ নির্দিষ্ট কিছু কাজের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনুমোদন সীমিত করা হবে।
তবে ডিগ্রি অর্জনের জন্য বাধ্যতামূলক সিপিটি আগের মতোই অনুমোদন করা হবে। একইভাবে ডক্টরাল ডিসারটেশন ও মাস্টার্স থিসিস রিসার্চের সঙ্গে সংশ্লিষ্ট সিপিটির অনুমোদন প্রক্রিয়াও স্বাভাবিক থাকবে।
‘নতুন কোনো পরিবর্তন আনা হয়নি’
নির্দেশনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে আইসিইয়ের মূল অভিভাবক সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, নিয়মাবলীতে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় ও নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এই উদার ব্যবস্থার অপব্যবহার আর কোনোভাবেই সহ্য করা হবে না।
নতুন নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কাজের অনুমোদন পাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো সতর্কভাবে নিয়ম মেনে চলতে হবে।
এএম