ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে আলেক্সান্ডার গ্রানোভস্কি নামের এক ইসরাইলি নাগরিককে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গ্রানোভস্কির বয়স ৩০-এর কোঠায়। ২০২৪ সালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে প্রমাণিত হয়, তিনি একজন ইরানি এজেন্টের হয়ে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন কাজ করতেন। এর বিনিময়ে ডিজিটাল মাধ্যমে তিনি হাজার হাজার ডলার নিতেন।
ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, গ্রানোভস্কি টেলিগ্রামের মাধ্যমে ওই ইরানি এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি ইসরাইলের সাবেক জেনারেল ও ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গ্যান্টজের বাসার আশপাশের এলাকার ছবিও পাঠিয়েছিলেন।
অভিযোগপত্রে বলা হয়, গ্রানোভস্কি নয়টি গাড়িতে আগুন দেন। বিভিন্ন স্থানে দেয়ালে গ্রাফিতিও আঁকেন। এ ছাড়া সহিংস কর্মকাণ্ডে অংশ নিতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করেছিলেন তিনি।
এসব কর্মকাণ্ডের জন্য আদালত তাকে ১৩ বছর ৬ মাসের দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছেন।
এএম