হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

আমার দেশ অনলাইন

আহমাদ তিবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশটির আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’। জোটটির সংসদীয় ব্লকের প্রধান ও নেসেটের আরব সদস্য আহমাদ তিবি এ আহ্বান জানিয়েছেন।

আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, বুধবার এক লিখিত বিবৃতিতে তিবি বলেন, আরব নাগরিকদের ব্যাপক ভোটার উপস্থিতি জয়েন্ট লিস্টের জন্য ঐতিহাসিক অর্জন। জনগণের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে জোটটি প্রমাণ করেছে, রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে তারা একটি নির্ধারক শক্তি।

তিনি বলেন, ‘নেতানিয়াহু-বেন গভির সরকারকে ক্ষমতাচ্যুত করতে আমরা পরিবর্তনপন্থী জোটের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এ প্রক্রিয়া শুরু হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের মধ্য দিয়ে।’

নেতানিয়াহুর সরকারকে সরিয়ে ক্ষমতার পরিবর্তন আনতে চাওয়া বিরোধী জোটটি ‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত। এতে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি, ইয়ার লাপিদের ইয়েশ আতিদ, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস, নাফতালি বেনেটের বি’ইয়াখাদ এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু রয়েছে।

‘ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল’

মধ্য ইসরায়েলের তাইবে শহরে বুধবার ভোরে জয়েন্ট লিস্টের সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেন আহমাদ তিবি। তার কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া এবং ভোটগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও আরব নাগরিকদের কণ্ঠস্বর ছিল ‘সবচেয়ে জোরালো’।

তিবি আরও বলেন, ‘অপরাধী বেন গভির আর পুলিশের মন্ত্রী থাকবেন না। তার বিদায়ের সময় এসেছে।’ ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির কট্টর ডানপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত।

নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পার্লামেন্ট নির্বাচনে ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ১২০ আসনের নেসেটে ৫৪টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে সাতটি আসন কম পেতে পারে জোটটি।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বরাত দিয়ে বলা হয়েছে, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম ৭টি আসন পেতে পারে।

ভোট গণনা শেষে চূড়ান্ত ফল প্রকাশিত হলে সরকার গঠনের সমীকরণ আরও স্পষ্ট হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইসরাইলের নির্বাচনে মুসলিম দলগুলোর আকাশচুম্বী সাফল্য, কেন বাড়ছে গুরুত্ব

নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসন ৫৪, বিরোধীদের ৪৯, আরব দলগুলোর ১৯

ইসরাইলের ক্ষমতার চাবিকাঠি কি মনসুর আব্বাস ও ইউসুফ জাবারিনের হাতে

ইসরাইলের নির্বাচনে আরব দলগুলোর চমক

নেতানিয়াহু কি সরকার গঠন করতে পারবেন

ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ছাড়াল

শক্তিশালী জাতীয় সরকার গঠন করা হবে, নেতানিয়াহুর ঘোষণা

ইসরাইলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু জোট, সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড-সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো