ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও পর্যাপ্ত আশ্রয়ের সংকটে গাজায় বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনির জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। এরই মধ্যে তীব্র শীতে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি শীত মৌসুমে শীতজনিত কারণে এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার গাজার গণমাধ্যম কার্যালয়ের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শিশুটির মৃত্যুর খবর জানানো হয়। শিশুটির নাম কিনান আহমেদ আরকিক। শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার শিশুটিকে কুয়েতি হাসপাতাল থেকে নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরে ময়নাতদন্তে অতিরিক্ত শীতের কারণে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়াকেই মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শীত মৌসুমে গাজায় ঠান্ডাজনিত কারণে ১০ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটির হিসাবে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ, যা মোট জনসংখ্যার ৬৫ শতাংশ, তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
ইসরাইলের চলমান সামরিক অভিযানে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বহু পরিবার এখন তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আশ্রয়কেন্দ্র নির্মাণ ও ঘরবাড়ি মেরামতের প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে ইসরাইলের বিধিনিষেধ পুনর্গঠন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএমআর