জনসংখ্যার তুলনায় অস্ত্র রপ্তানিতে বিশ্বের বড় সামরিক শক্তিগুলোকে ছাড়িয়ে গেছে ইসরাইল। ২০২৫ সালে দেশটির মাথাপিছু অস্ত্র রপ্তানির পরিমাণ যুক্তরাষ্ট্রের প্রায় ছয় গুণ এবং রাশিয়ার প্রায় ১৯ গুণ। ফিলিস্তিনি-আমেরিকান লেখক সুসান আবুলহাওয়ার এক নতুন গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালে ইসরাইল মাথাপিছু প্রায় ২৬৩ ডলারের অস্ত্র রপ্তানি করেছে। একই হিসাবে যুক্তরাষ্ট্রের মাথাপিছু রপ্তানি ছিল ৪১ ডলার এবং রাশিয়ার ১৪ ডলার। ইসরাইলের শুধু ইহুদি জনসংখ্যাকে হিসাবে ধরলে মাথাপিছু অস্ত্র রপ্তানির পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪০ ডলার।
মোট অস্ত্র রপ্তানির হিসাবে ২০২০ থেকে ২০২৫ সময়কালে ইসরাইল বিশ্বের সপ্তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক। এ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন ও ইতালির অবস্থান। তবে জনসংখ্যার অনুপাতে হিসাব করলে ইসরাইল অনেক এগিয়ে যায়।
গবেষণায় বলা হয়েছে, মাথাপিছু অস্ত্র রপ্তানিতে ইসরাইলের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী নরওয়ে। তার পরও ইসরাইলের মাথাপিছু রপ্তানি নরওয়ের প্রায় আড়াই গুণ। যুক্তরাষ্ট্রের তুলনায় এই ব্যবধান আরও বড়।
১৯৬০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ সময়ের হিসাবেও ইসরাইল মাথাপিছু গড় অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষে রয়েছে। ৬৫ বছরের এই সময়ে দেশটির মাথাপিছু বার্ষিক গড় অস্ত্র রপ্তানির সমমূল্য প্রায় ৫৬ ডলার। গত এক দশকে অন্য অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর তুলনায় ইসরাইলের এই অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষা শিল্পও সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত সম্প্রসারিত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালে ইসরাইলের প্রতিরক্ষা রপ্তানি রেকর্ড প্রায় ১৯ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা আগের বছরের ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। এটি টানা পঞ্চম বছরের রেকর্ড।
আন্তর্জাতিক অস্ত্রবাণিজ্যেও ইসরাইলের গুরুত্ব বাড়ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআইয়ের হিসাবে, ২০২১-২৫ সময়ে বিশ্ব অস্ত্র রপ্তানিতে ইসরাইলের অংশ ৪ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে, যা আগের পাঁচ বছরের ৩ দশমিক ১ শতাংশের তুলনায় বেশি। এ সময়ে ইসরাইল যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের সপ্তম বৃহত্তম অস্ত্র সরবরাহকারী হয়েছে।
গবেষণাটিতে অস্ত্র রপ্তানিকে শুধু সামরিক বাণিজ্য হিসেবে নয়, ইসরাইলের অর্থনীতির সঙ্গেও গভীরভাবে যুক্ত একটি খাত হিসেবে দেখা হয়েছে। দেশটির ছোট জনসংখ্যার তুলনায় বিপুল অস্ত্র রপ্তানি ইসরাইলের প্রতিরক্ষা শিল্পের বিশেষ গুরুত্ব তুলে ধরে।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বিভিন্ন দেশের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে অস্ত্রের চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে ইসরাইলের ড্রোন, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক প্রযুক্তির বাজারও সম্প্রসারিত হয়েছে। এসআইপিআরআইয়ের তথ্যেও গত পাঁচ বছরে বিশ্ব অস্ত্রবাণিজ্যে ইসরাইলের অংশ বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে।
ফলে মোট রপ্তানির পরিমাণে যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের মতো দেশের সঙ্গে ইসরাইলের ব্যবধান থাকলেও, জনসংখ্যার তুলনায় অস্ত্র রপ্তানির ক্ষেত্রে দেশটি বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা রাষ্ট্রগুলোর একটি নয়, বরং শীর্ষ অবস্থানে রয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও টাইমস অব ইসরাইল