ইরানের মুদ্রা রিয়ালের দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। তীব্র মূল্যস্ফীতি, অর্থনৈতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে মুক্তবাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের এই নজিরবিহীন দরপতন ঘটেছে।
ইরানের মুক্ত বৈদেশিক মুদ্রাবাজারের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাসিজি ডটকমের তথ্য অনুযায়ী, সোমবার দেশটির মুক্তবাজারে এক মার্কিন ডলারের বিক্রয়মূল্য রেকর্ড ২৪ লাখ রিয়ালে পৌঁছেছে। এর আগে ডলারের দাম ২৩ লাখ রিয়ালের কাছাকাছি উঠেছিল।
রিয়ালের এই দ্রুত অবমূল্যায়নের পেছনে দেশটির দুর্বল অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাজনিত চাপকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি ইরানের ওপর আর্থিক চাপ আরো বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইরানে মূল্যস্ফীতির চাপও ক্রমেই তীব্র হচ্ছে। দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ৬১ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। একই সময়ে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এক বছরের ব্যবধানে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১২৮ দশমিক ১ শতাংশ।
রিয়ালের পতনের ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাও দ্রুত কমছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ইরানে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে মানুষের আয় তাল মেলাতে পারছে না। সেপ্টেম্বরে মুক্তবাজারে ডলারের দর ২৩ লাখ ৪০ হাজার রিয়াল ছাড়িয়ে যাওয়ার তথ্যও পাওয়া যায়।
অর্থনৈতিক সংকটের মধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বাজারে বৈদেশিক মুদ্রা সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে রিয়ালের অব্যাহত দরপতন দেশটির অর্থনীতিতে চাপ আরো গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: আল জাজিরা
এআরবি