সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে নতুন করে তিনটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে ইসরাইলের প্রস্তাবে সাড়া দেননি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরাইলের সহায়তা নিলে সৌদি জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে—এমন আশঙ্কা থেকে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র আল-মালিকি জানিয়েছেন, রিয়াদের আকাশে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনগুলো কোন লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কিংবা সেগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
গত এক সপ্তাহে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে রিয়াদে একাধিকবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত রোববারের হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই দিন রিয়াদ বিমানবন্দরের একটি টার্মিনালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ১২ জন নিহত হন এবং আহত হন তিন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া গুরুতর আহত চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এআরবি