সৌদি আরবের ভূখণ্ডে একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় এএইচ-৬ মডেলের গোয়েন্দা হেলিকপ্টারটি ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়।
বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনায় হেলিকপ্টারটির দুই ক্রু নিহত হয়েছেন।
এতে আরো বলা হয়, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন একটি এলাকায় বিধ্বস্ত হয়।
ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি জোট।
এর আগে শনিবার হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, নাজরানের কাছে একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন তারা। তার ভাষ্যমতে, হেলিকপ্টারটি সীমান্ত বরাবর হুথিদের অবস্থান লক্ষ্য করে ‘শত্রুতামূলক কার্যক্রম’ চালাচ্ছিল।
তবে উভয় পক্ষ একই হেলিকপ্টারের কথা বলছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
আরএ