লেবানন ও সিরিয়া পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই করেছে। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার বৈরুতে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের উপস্থিতিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, চুক্তিতে উভয় দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা, দুই পক্ষের সমতা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এমন সময়ে এই সমঝোতা হলো, যখন লেবানন ও সিরিয়া—উভয় দেশই ইসরাইলের চলমান সামরিক হামলা ও দখল অভিযানের মুখোমুখি রয়েছে। দুই দেশই সীমান্ত এলাকায় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বাড়তি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।
এমএমআর