হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আস্থা নেই তেহরানের: পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের আগের মতো আর আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আলোচনার পর বারবার যুক্তরাষ্ট্রের হামলা ও নিষেধাজ্ঞার কারণে তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আস্থা হারিয়েছে।

তবে কাতার ও পাকিস্তান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে বলে জানান তিনি। দেশ দুটি তেহরানের বার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছে দিচ্ছে বলেও উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট।

পেজেশকিয়ান জানান, আলোচনার ভিত্তি হিসেবে দুই দেশের মধ্যে আগে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক রয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে ওই সমঝোতার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

হরমুজ সংকট সমাধানে কূটনীতির ওপর জোর

হরমুজ প্রণালি নিয়ে চলমান সংকটও শক্তি প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন পেজেশকিয়ান। প্রণালি বন্ধ হওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রই আমাদের পথ বন্ধ করেছে।’ ইরানের পথ বন্ধ করে দেওয়া হলে হরমুজ প্রণালি বন্ধ করা স্বাভাবিক প্রতিক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।

তবে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান হলে বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি আবারো খোলা থাকবে বলে জানান পেজেশকিয়ান। তার মতে, শক্তি প্রয়োগ নয়, আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব।

ইয়েমেন পরিস্থিতি ইরানের সঙ্গে সম্পর্কিত নয়

ইয়েমেনে চলমান পরিস্থিতির সঙ্গেও ইরানের সরাসরি সম্পর্ক নেই বলে দাবি করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইয়েমেনের হুথি ও সৌদি আরবের নিজেদের বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত এবং এ ক্ষেত্রে ইরান সহযোগিতা করতে পারে।

তিনি বলেন, ইয়েমেনে যা ঘটছে, তা ইরানের সঙ্গে সম্পর্কিত নয়। অন্যায়-অবিচারের শিকার মানুষের প্রতি ইরান সংহতি প্রকাশ করে বলেও উল্লেখ করেন তিনি।

পেজেশকিয়ান আরো বলেন, ইরান যুদ্ধ চায় না। ‘এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের লড়াই করা উচিত নয়’—এই নীতির ওপর জোর দেন তিনি।

নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দুর্বল করা যাবে না

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিষেধাজ্ঞা এবং হামলার মধ্যেও ইরান দৃঢ়ভাবে অবস্থান করছে বলে মন্তব্য করেন পেজেশকিয়ান। তিনি বলেন, যারা নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের জনগণকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশটিকে দুর্বল করার চেষ্টা করেছে, তারা ভুল হিসাব করেছে।

তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানকে নিজেদের ওপর নির্ভরশীলতা থেকে দূরে সরে যাওয়ার সুযোগ না দেওয়ার চেষ্টা করছে। এর বিপরীতে ইরান তার জনগণের ওপর বিনিয়োগ অব্যাহত রাখবে।

পেজেশকিয়ানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল আঞ্চলিক দেশগুলোকে যুদ্ধে টেনে এনেছে। তারা ধারণা করেছিল, কয়েক দিনের মধ্যেই ইরানের সরকার পতন হবে। কিন্তু ইরানের জনগণ মার্কিন ও ইসরাইলি হামলার মুখেও দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন তিনি।

আঞ্চলিক নিরাপত্তার জন্য বাইরের কোনো ‘পুলিশম্যান’ নয়, বরং সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তার মতে, আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব।

সূত্র: আল জাজিরা

এআরবি

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

মুসলমানদের পরস্পরের বিরুদ্ধে উস্কে দিচ্ছে ইসরাইল-যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

ইরানি ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান বাগদাদের

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জিসিসির

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান

হরমুজ প্রণালি খুলতে ইরানের সাত দিনের প্রস্তাবে যা আছে

রিয়াদের দিকে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সৌদি জোট

হামলা মোকাবিলায় একসঙ্গে কাজ করবে সৌদি-পাকিস্তান

তিন বছরে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু