হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ইরান।
নাসরাল্লাহ হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে লেবাননে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নাসরাল্লাহকে হত্যার ঘটনাকে ‘জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে অভিহিত করেছে। দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি তাদের নৈতিক ও আন্তর্জাতিক আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে তেহরান।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সময় পেরিয়ে যাওয়া কিংবা অপরাধের পুনরাবৃত্তি ও সংখ্যা বাড়তে থাকা—কোনোটিই ন্যায়বিচারের দাবি এবং অপরাধীদের শাস্তির দাবিকে সামান্যও দুর্বল করবে না।
২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় হাসান নাসরাল্লাহ নিহত হন। তার হত্যার দুই বছর পূর্তি উপলক্ষে ইরান নতুন করে এই বক্তব্য দিল।
এএম