অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর হামলা ও অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ দক্ষিণ গাজায় এক তরুণ ফিলিস্তিনি হত্যা করেছে ইসরাইলি বাহিনী। খবর আলজাজিরার।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে চিকিৎসা সূত্র জানায়, ইউসুফ হাসান নামে ওই যুবককে রাফাহর উত্তর-পশ্চিমে ইসরাইলি সামরিক যান থেকে গুলি করা হয়। পরে তাকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এর আগে রাফাহর মাওয়াসি এলাকায় ইসরাইলি গুলিতে এক শিশু আহত হয়। পৃথক ঘটনায় প্রায় এক বছর আগে উত্তর গাজায় ইসরাইলি বিমান হামলায় আহত ২৫ বছর বয়সী আহমেদ হানি ওবেইদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অন্যদিকে, অধিকৃত পূর্ব জেরুজালেমে কালান্দিয়া চেকপয়েন্টের কাছে এক ফিলিস্তিনিকে মারধর করেছে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, আহত ব্যক্তিকে রামাল্লার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
দক্ষিণ পশ্চিম তীরের ধাহিরিয়া (মেইতার) চেকপয়েন্টের কাছে, হেবরনের দক্ষিণে বিভাজন প্রাচীর সংলগ্ন এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক শ্রমিক আহত হয়েছেন।
এছাড়া, হেবরনের উত্তর-পূর্বে সাই’র এলাকায় ইসরাইলি বাহিনী ছিটানো পিপার স্প্রে’র কারণে চারজন ফিলিস্তিনি আহত হন।