ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন-গভির গর্ব করে বলেছেন যে তিনি ফিলিস্তিনি বন্দিদের জীবন নরক বানিয়ে দিবেন। এর পাশাপাশি সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রার্থনা করেন বলেও দাবি করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পৃথক কয়েকটি পোস্টে তিনি এমন বিতর্কিত বক্তব্য ও পদক্ষেপের কথা জানান।
রোববার এক্সে দেওয়া এক বার্তায় বেন-গভির ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) নাৎসি অভিহিত করে বলেন, তারা শিশুদের হত্যাকাণ্ড শেখায়। একই সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুরোপুরি ভেঙে ফেলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
অন্য একটি পোস্টে ইসরাইলের চরমপন্থি এই মন্ত্রী জানান, লাভি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের তৈরি একটি কেক বাজেয়াপ্ত করেছে কারা কর্তৃপক্ষ। তিনি দাবি করেন, বন্দিরা নির্বাচন সংক্রান্ত একটি বিষয়ে আনন্দ উদ্যাপনের উদ্দেশ্যে তাদের স্বল্প বরাদ্দকৃত খাবার থেকে কয়েক দিন ধরে জ্যামের চামচ ও পাউরুটির টুকরো জমিয়ে ওই তথাকথিত ‘কেক’ বানিয়েছিলেন।
ঘটনাটি জানতে পেরে কেকটি জব্দ করা হয় এবং এতে জড়িত বন্দিদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিচার করে তাদের নির্জন কারাবাসে পাঠানো হয়েছে বলে জানান তিনি।