হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লাতিন আমেরিকার দেশগুলো কেন ইসরাইলের ঘনিষ্ঠ হচ্ছে

আলজাজিরা

জেরুজালেমে আয়োজিত ‘জেনেসিস প্রাইজ’ অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই (মাঝখানে), ব্যবসায়ী স্ট্যান পোলোভেটস (বাঁদিকে) এবং ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ১২ জুন ২০২৫। ছবি: আলজাজিরা

লাতিন আমেরিকার একের পর এক দেশে ক্ষমতায় আসছে ডানপন্থি সরকার। এসব সরকারের অনেকেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। কেউ তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেমে সরানোর ঘোষণা দিচ্ছে, কেউ আবার পুরোনো কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করছে।

বিশ্লেষকদের মতে, এর পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বলয়ের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা, ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের রাজনৈতিক প্রভাব এবং ইসরাইলের জোরালো কূটনৈতিক তৎপরতা।

গত ৮ অক্টোবর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ঘোষণা করেন, কলম্বিয়া তাদের দূতাবাস জেরুজালেমে সরাবে। তিনি এ ঘটনাকে ইসরাইলের কূটনৈতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তার ভাষায়, এটি লাতিন আমেরিকার সরকারগুলোর সঙ্গে সম্পর্ক উষ্ণ হওয়ারও ইঙ্গিত।

সার বলেন, ‘সত্যের পক্ষে কূটনৈতিক লড়াইয়ে আমরা কঠোর পরিশ্রম করব। আর সত্য হলো, জেরুজালেম সব সময় একটি জাতির রাজধানী ছিল।’

তিনি আরো বলেন, ব্রাজিলও শিগগির কলম্বিয়ার সঙ্গে যোগ দিতে পারে। লাতিন আমেরিকার যেসব দেশ দূতাবাস জেরুজালেমে সরিয়েছে, তাদের তালিকায় ব্রাজিলের নামও যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। জেরুজালেমকে ইসরাইল ও ফিলিস্তিন—উভয় পক্ষই নিজেদের রাজধানী বলে দাবি করে।

লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্কের এই পরিবর্তন এমন এক সময়ে ঘটছে, যখন অঞ্চলটিতে ডানপন্থি দলগুলোর প্রভাব বাড়ছে। ইসরাইলপন্থি রাজনীতিকেরা দেশটির প্রতি সমর্থনকে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার হাতিয়ার হিসেবেও ব্যবহার করছেন।

অঞ্চলটির বৃহত্তম দেশ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রচার চলছে। সেখানে ইসরাইলের সঙ্গে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বামপন্থি ও ফিলিস্তিনের কট্টর সমর্থক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো। প্রচারে বলসোনারো ইসরাইলের পতাকা প্রদর্শন করেছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের বন্ধুত্বের কথা তুলে ধরেছেন। প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করার পর বলসোনারো রান-অফ নির্বাচনে লুলার মুখোমুখি হতে যাচ্ছেন। এতে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর মতো কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত মাসে কলম্বিয়া ও ইসরাইল দুই দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ চালু করে। এটিও দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের আরেকটি ইঙ্গিত। গাজায় ইসরাইলের যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক ছিন্ন হয়েছিল। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা ক্ষমতায় আসার পর সেই অবস্থান পাল্টানোর উদ্যোগ নিয়েছেন।

মেক্সিকোর কলেজের আন্তর্জাতিক অধ্যয়নকেন্দ্রের গবেষক মার্তা তাওয়িল কুরি মনে করেন, এই পরিবর্তনের পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। নতুন নেতারা ওয়াশিংটনের সমর্থন পেতে চান। ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের রাজনৈতিক ও ধর্মীয় সমর্থন তাদের শক্তি জোগাচ্ছে। একই সময়ে ইসরাইলও লাতিন আমেরিকায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। বিশ্বের অন্য অনেক অঞ্চলে ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলেও লাতিন আমেরিকায় তারা সমর্থন আদায়ের সুযোগ খুঁজছে।

একের পর এক দেশের অবস্থান বদল

কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় ইসরাইলের যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। তিনি ইসরাইলে কলম্বিয়ার কয়লা রপ্তানি বন্ধ করেন, সামরিক ও নিরাপত্তা সহযোগিতা স্থগিত করেন এবং ফিলিস্তিনে কলম্বিয়ার দূতাবাস খোলার পরিকল্পনা করেন। বামপন্থি সাবেক এই গেরিলা যোদ্ধা প্রকাশ্যেও ইসরাইলের সমালোচনা করতেন। এমনকি জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে গিয়ে তিনি ট্রাম্প ও গাজায় যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভেও অংশ নেন।

গত আগস্টে ক্ষমতায় আসার পর তার উত্তরসূরি দে লা এস্প্রিয়েলা দ্রুত ইসরাইলের বিষয়ে দেশের অবস্থান বদলাতে শুরু করেন। তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরানোর পরিকল্পনা ঘোষণা করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রদূত পুনর্নিয়োগ এবং অধিকৃত সিরীয় ভূখণ্ড গোলান মালভূমির ওপর ইসরাইলের নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেন।

কুরির মতে, লাতিন আমেরিকার দেশগুলোতে প্রেসিডেন্টের ক্ষমতা অনেক বেশি। অন্যদিকে, কূটনৈতিক প্রতিষ্ঠানগুলো তুলনামূলক দুর্বল এবং পেশাদারত্বের ঘাটতি রয়েছে। ফলে নতুন রাষ্ট্রপ্রধানেরা ক্ষমতায় এসেই ইসরাইলের সঙ্গে সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত অবস্থান বদলাতে পারেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রশাসনের সময় ইসরাইলের প্রতি সমর্থন তুলনামূলক স্থিতিশীল থেকেছে। এর পেছনে রয়েছে শক্তিশালী প্রতিষ্ঠান ও দুই প্রধান দলের মধ্যে ঐকমত্য। কিন্তু লাতিন আমেরিকার অনেক দেশে সেই প্রাতিষ্ঠানিক সুরক্ষা নেই। তাই এক নির্বাচনের পরই পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আসতে পারে।

২০২৩ সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন ডানপন্থি জনতুষ্টিবাদী নেতা হাভিয়ের মিলেই। তিনি দূতাবাস জেরুজালেমে সরানোর প্রতিশ্রুতি দেন, জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান এবং নিজেকে ‘বিশ্বের সবচেয়ে ইহুদিবাদী প্রেসিডেন্ট’ বলে গর্ব প্রকাশ করেন।

বলিভিয়ায় ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বামপন্থি নেতা ইভো মোরালেস ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক রাখতে চাননি। তার উত্তরসূরি লুইস আরসের সময়ও এ অবস্থান বজায় ছিল। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে আরসে অঞ্চলটির অন্য কয়েকজন বামপন্থি নেতার সঙ্গে ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেন। গত বছর নির্বাচনে আরসে পরাজিত হলে নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ দ্রুত সেই নীতি পাল্টে দেন।

গত আগস্টে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হোসে আন্তোনিও কাস্তও তার বামপন্থি পূর্বসূরির ইসরাইলবিরোধী পদক্ষেপগুলো বাতিল করেন। ইসরাইলে এমন একজন রাষ্ট্রদূত নিয়োগ দেন, যিনি নিজেকে ‘গর্বিত ইহুদিবাদী’ বলে পরিচয় দেন।

হন্ডুরাসে গত জানুয়ারিতে বামপন্থি সরকারের পরিবর্তে ডানপন্থি সরকার ক্ষমতায় আসে। নতুন প্রেসিডেন্ট নাসরি আসফুরার পূর্বপুরুষেরা ফিলিস্তিনের বেথলেহেম থেকে হন্ডুরাসে গিয়েছিলেন। তিনিও এ বছর ইসরাইলে রাষ্ট্রদূত পুনর্নিয়োগ দেন।

অন্যদিকে, ভেনেজুয়েলা গত আগস্টে ইসরাইলের সঙ্গে কনস্যুলার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে নিকোলাস মাদুরো ও হুগো চাভেজের আমলে প্রায় দুই দশক ধরে চলা বৈরী অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয় দেশটি।

তবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করলেও লাতিন আমেরিকার কয়েকটি দেশ গাজায় যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক আইনি উদ্যোগে সমর্থন দিয়েছে। মেক্সিকো, বলিভিয়া, কলম্বিয়া, ব্রাজিল, চিলি, বেলিজ, কিউবা ও নিকারাগুয়া বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলার পক্ষে অবস্থান নিয়েছে।

ট্রাম্পের বলয়ে যুক্ত হওয়ার চেষ্টা

গত জুলাইয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করেন ফ্লাভিও বলসোনারো। ওই অনুষ্ঠানে তার পাশে ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সেখানে উপস্থিত অনেকের হাতে ইসরাইলের পতাকা ছিল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ভিডিও বার্তায় বলসোনারোকে বন্ধু এবং দুই দেশের জনগণের বন্ধুত্বের ‘মহান সমর্থক’ বলে উল্লেখ করেন।

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের আন্তর্জাতিক নীতিবিষয়ক পরিচালক আলেকজান্ডার মেইন বলেন, লাতিন আমেরিকার নির্বাচনী প্রচারে বিদেশি নেতাদের এভাবে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া আগে দেখা যায়নি। অন্তত এত প্রকাশ্যভাবে এমন ঘটনা ঘটেনি।

বিশ্লেষকদের মতে, বলসোনারোর প্রচারশিবির নিজেদের এমন একটি বৃহত্তর রাজনৈতিক বলয়ের অংশ হিসেবে তুলে ধরতে চাইছে, যার নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প। এই বলয়ের আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে রয়েছে ইসরাইল। কলম্বিয়ার দে লা এস্প্রিয়েলা ও হন্ডুরাসের আসফুরার মতো কয়েকজন নেতা ট্রাম্পের সরাসরি সমর্থনও পেয়েছেন।

এ নেতারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা নতুন ডানপন্থি জোটগুলোর সঙ্গেও যুক্ত হয়েছেন। এর একটি হলো ‘শিল্ড অব দ্য আমেরিকাস’। মাদকবিরোধী নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত এ জোটে রয়েছে আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গায়ানা, হন্ডুরাস, পানামা, প্যারাগুয়ে, পেরু এবং ত্রিনিদাদ ও টোবাগো।

ট্রাম্পের পশ্চিম গোলার্ধবিষয়ক নীতির অংশ এই উদ্যোগের লক্ষ্য, চীনের মতো অন্য বৈশ্বিক শক্তির প্রভাব ঠেকানো। এই বলয়ের সদস্য দেশগুলোর কয়েকটি অভিবাসন ঠেকাতে বিতর্কিত মার্কিন নীতিতেও সহযোগিতা করছে। যেমন এল সালভাদর যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় দেশের নাগরিকদের বহিষ্কারের পর তাদের আশ্রয় দিচ্ছে।

মেইনের মতে, এসব দেশ মাদকবিরোধী অভিযানকে নতুন ধরনের সন্ত্রাসবিরোধী যুদ্ধ হিসেবে তুলে ধরছে। এর ভাষা ও দৃষ্টিভঙ্গিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের প্রভাব রয়েছে। তার ভাষায়, আগে লাতিন আমেরিকার বামপন্থি রাজনীতিকদের অনেকে গাজার পরিস্থিতিকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করতেন। এখন অন্য একটি অংশ এটিকে দীর্ঘদিনের শত্রুর বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধের কাঠামোয় ব্যাখ্যা করছে।

মেইন আরো বলেন, ইসরাইলের সঙ্গে ভালো সম্পর্কের মাধ্যমে এসব দেশ গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা সরঞ্জাম পাওয়ার সুযোগও পেতে পারে। এর মধ্যে রয়েছে পেগাসাসের মতো উন্নত নজরদারি সফটওয়্যার ব্যবহার, সামরিক বিমান কেনা এবং নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ। পেগাসাস তৈরি করেছে ইসরাইলের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান।

ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের প্রভাব ও ইহুদিবাদী উদ্যোগ

গত আগস্টে ব্রাজিলে যে সমাবেশে নেতানিয়াহুর ভিডিও বার্তা প্রচার করা হয়েছিল, সেটি ছিল দেশটির বড় ও প্রভাবশালী একটি ভোটারগোষ্ঠীর সমর্থন পাওয়ার চেষ্টাও। এই গোষ্ঠীর অনেকের কাছে ইসরাইলকে সমর্থন করা ধর্মীয় বিশ্বাসের অংশ।

ব্রাজিলের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের ৪০ শতাংশের বেশি সদস্য এবং সিনেটের এক-চতুর্থাংশের বেশি সদস্য ইসরাইলপন্থি ইভানজেলিক্যাল আইনপ্রণেতাদের জোট ‘ইভানজেলিক্যাল পার্লামেন্টারি ফ্রন্টের’ সঙ্গে যুক্ত। এই অনানুষ্ঠানিক জোট আলাদা রাজনৈতিক দল গঠন করলে তা দেশটির তৃতীয় বৃহত্তম দলে পরিণত হতে পারে।

মেইনের মতে, সাম্প্রতিক বছরগুলোতে এই ধর্মীয় গোষ্ঠীগুলো ক্রমেই রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছে। ফলে রাজনীতিকদের জন্য তাদের সমর্থন পাওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইসরাইলের পক্ষে অবস্থান নেওয়া সেই সমর্থন আদায়ের একটি উপায়।

ব্রাজিলের বাইরেও ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের প্রভাব দেখা যাচ্ছে। কুরির মতে, বিশেষ করে খ্রিষ্টীয় ইহুদিবাদ হন্ডুরাস ও গুয়াতেমালার মতো দেশে গুরুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান শক্তি হয়ে উঠেছে। ওই দুই দেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ ইভানজেলিক্যাল খ্রিষ্টান। দুই দেশই তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠনও লাতিন আমেরিকায় ইসরাইলের পক্ষে প্রচার চালাচ্ছে। ফ্লোরিডাভিত্তিক ইভানজেলিক্যাল যাজক মারিও ব্রামনিকের নেতৃত্বাধীন ‘লাতিনো কোয়ালিশন ফর ইসরাইল’ এ অঞ্চলের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠায়। সংগঠনটি গুয়াতেমালা, এল সালভাদর, ব্রাজিল, পানামা, চিলি ও কোস্টারিকার নেতাদের সঙ্গে বৈঠক করেছে।

সংগঠনটির ওয়েবসাইটে বলা হয়েছে, ইসরাইলের প্রতি তাদের সমর্থনের মূল ভিত্তি বাইবেল। তাদের বক্তব্য, ঈশ্বর ইসরাইলের ভূমি এবং জেরুজালেমকে অবিভক্ত রাজধানী হিসেবে ইহুদি জনগোষ্ঠীকে চিরস্থায়ী অঙ্গীকারের অংশ হিসেবে দিয়েছেন। এ প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে রাজি হননি ব্রামনিকের একজন মুখপাত্র।

২০২৫ সালে ইসরাইলের সরকারের সমর্থনপুষ্ট অলাভজনক সংস্থা জেনেসিস প্রাইজ আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেইকে ১০ লাখ ডলার পুরস্কার দেয়। ১০ কোটি ডলারের তহবিল নিয়ে গঠিত সংস্থাটি ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর অন্যতম কঠিন সময়ে দেশটির প্রতি মিলেইয়ের ‘দ্ব্যর্থহীন সমর্থনের’ স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়।

মিলেই সেই অর্থ দিয়ে ‘আইজ্যাক অ্যাকর্ডস’ উদ্যোগ গড়ে তোলেন। এর আদল নেওয়া হয়েছে ট্রাম্পের সমর্থনপুষ্ট ‘আব্রাহাম অ্যাকর্ডস’ থেকে, যার লক্ষ্য ইসরাইল ও আরব বিশ্বের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা।

আইজ্যাক অ্যাকর্ডসের মাধ্যমে লাতিন আমেরিকার ইসরাইলপন্থি নাগরিক সংগঠনগুলোকে অনুদান দেওয়া হয়। একই সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে ডানপন্থি সরকারগুলো ইসরাইলের প্রতি সমর্থন জানাতে কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত হিসাব রাখা হয়। এর মধ্যে রয়েছে দূতাবাস জেরুজালেমে সরানো এবং জাতিসংঘে ইসরাইল-সম্পর্কিত প্রস্তাবে ভোট দেওয়ার ধরন।

গত সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের সময় অধিকাংশ শ্রোতা প্রতিবাদ জানিয়ে সভাকক্ষ ত্যাগ করেন। এরপর তার সফরের শেষ দিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বলিভিয়া, পানামা ও প্যারাগুয়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। নেতানিয়াহু তাদের আইজ্যাক অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ইসরাইলের সঙ্গে ‘বন্ধুত্ব ও অংশীদারত্বের পরিধি বাড়ানোই’ তার লক্ষ্য।

এএম

পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান

সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা

মার্কিন সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি হাকাবির

সৌদি আরবের নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

হুথিদের সঙ্গে লড়াইয়ে পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনীর’ ৮ সেনা নিহত

হুথি হামলায় ফ্লাইট বাতিল, দেশে ফিরতে চাওয়া নাগরিকদের পাশে দাঁড়াল সৌদি দূতাবাস

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে বিস্ফোরণ-আগুন

মার্কিন সাংবাদিকের ওপর হামলা, ইসরাইলি বসতি স্থাপনকারীদের দমনের আহ্বান রুবিওর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা, তবে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা চায় ইরান