হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসের এক হালনাগাদ নিরাপত্তা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় গত ২৩ অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি যাতায়াতব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটেছে।

দূতাবাস আরো সতর্ক করে বলেছে, বর্তমান সংঘাত দ্রুত সংশ্লিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হুথিরা। ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গত জুলাইয়ে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে আবারও সংঘাতে জড়ায় গোষ্ঠীটি। বিমান চলাচলের পাশাপাশি সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোও তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এদিকে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, বিমানবন্দরটি থেকে অভ্যন্তরীণ ফ্লাইট এবং সৌদি বিমান সংস্থাগুলোর পরিচালিত কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে।

তবে বিমানবন্দর ব্যবহারকারী মার্কিন নাগরিকদের আরো হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ফ্লাইট বাতিলের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মীদের এখন বিশেষ অনুমোদন নিতে হবে।

বিমানবন্দর আংশিকভাবে চালুর পরও সেখানে হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছে হুথিরা। গোষ্ঠীটির দাবি, বিমানবন্দরটি এখনো তাদের সামরিক লক্ষ্যবস্তু।

গত ১০ অক্টোবর হুথিদের হামলায় ১৩ জন নিহত ও কয়েক শ মানুষ আহত হওয়ার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে রোববারও হুথিদের ছোড়া অতিরিক্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব। ফলে বিমানবন্দর চালু হলেও দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি।

হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব

ইরানের বাধার মধ্যেও হরমুজে জাহাজ চলাচল নিরাপদ, দাবি মার্কিন সামরিক বাহিনীর

জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের

রাজনৈতিক বিভক্তি ও নিরাপত্তা সংকট, গৃহযুদ্ধের শঙ্কায় ইসরাইল

নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নাগরিকদের ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের

হুথিদের হামলার মধ্যেই দুই অঞ্চলে সতর্কতা প্রত্যাহার করল সৌদি

হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে মৃত্যুদণ্ড কীভাবে নির্ধারিত হয়