ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কিছুক্ষণ আগে তেল আবিবসহ ইসরাইলের মধ্যাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানোর ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, এই হামলায় তারা ‘খাইবার শেকান’ নামক উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যাতে ক্লাস্টার বোমা বা গুচ্ছবোমা যুক্ত ছিল।
ইসরাইলের মধ্যাঞ্চলের আকাশে ক্লাস্টার বোমার বিস্ফোরণ এবং একটি বিশাল এলাকাজুড়ে ছোট ছোট বোমা বৃষ্টির মতো পড়ার ভিডিও পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‘খাইবার শেকান’ শব্দের অর্থ ‘দুর্গ ধ্বংসকারী’। এটি ইরানের একটি অত্যন্ত অত্যাধুনিক অস্ত্র, যা ২০২২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এর অগ্রভাগ নিয়ন্ত্রণযোগ্য (ম্যানুভারেবল ওয়ারহেড), যা অবতরণের সময় খুলে যায় এবং প্রায় ২০টি ছোট বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি ছোট বোমায় প্রায় আড়াই কেজি বিস্ফোরক থাকে। বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ার কারণে এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধ। কিন্তু এই বিধিনিষেধ কেবল স্বাক্ষরকারী দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ইসরাইল বা ইরান—কোনো দেশই এই চুক্তিতে স্বাক্ষর করেনি। সূত্র: আল–জাজিরা