গাজা উপত্যকায় ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির প্রবেশ নিশ্চিত করতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগে বোর্ড অব পিস ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে হামাস।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, কমিটির প্রধান আলি শাথের নেতৃত্বাধীন প্রতিনিধিদল কয়েক মাস ধরে মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছে। অথচ তাদের গাজায় প্রবেশ নিশ্চিত করতে বোর্ড অব পিস কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তিনি এ ব্যর্থতাকে বোর্ডটির ‘চরম দুর্বলতার’ বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।
কাসেম বলেন, গাজায় ত্রাণ কার্যক্রম ও পুনর্গঠনকাজ শুরু করতে কমিটির প্রবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে গাজার শাসনসংক্রান্ত সব দায়িত্ব হস্তান্তরে হামাসের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিকে, শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ অনুমোদনে রোববার বৈঠকে বসবে ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা।
গত জুলাইয়ে গাজার শাসনভার ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) কাছে হস্তান্তর এবং নিরস্ত্রীকরণের বিষয়ে একটি রূপরেখায় সম্মতি জানিয়েছিল হামাস।
এর আগে গত ৯ নভেম্বর বোর্ড অব পিস জানায়, মানবিক সহায়তা প্রবেশের অনুমোদন দিতে ইসরাইলের বিলম্ব এবং শারম আল-শেখ মানবিক প্রটোকল অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার কারণে গাজার মানবিক সংকট আরো তীব্র হয়েছে।
২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি পরিকল্পনার আওতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে চুক্তির বাকি শর্তগুলোর বাস্তবায়ন কার্যত থমকে রয়েছে। গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা এখনো ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে চুক্তি লঙ্ঘন করে ইসরাইলের চালানো হামলায় ১ হাজার ৭০৫ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১৬৩ জন আহত হয়েছে।
সূত্র: আনাদোলু
আরএ