হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলায় আরেক ফিলিস্তিনি ফুটবলার নিহত

আলজাজিরা

ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। ছবি: আলজাজিরা

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মঙ্গলবার গাজা সিটির দক্ষিণাঞ্চলের সাবরা এলাকায় ইসরাইলি হামলায় তিনি নিহত হন।

২০ বছর বয়সি আবদেল-মালেক গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও গোলরক্ষক ছিলেন। পিএফএর দেওয়া হিসাব অনুযায়ী, গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে তিনি ১ হাজার ১৭তম।

নিহত হওয়ার মাত্র পাঁচ দিন আগে গাজা ও উত্তর গাজার বিভাগীয় পর্যায়ে আয়োজিত ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ টুর্নামেন্টের ফাইনালে খেলেছিলেন আবদেল-মালেক। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত ১ হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আবদেল-মালেকের মৃত্যুর খবর জানিয়ে গাজা স্পোর্টস ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘ক্লাবের কিংবদন্তি এবং প্রথম দলের গোলরক্ষক মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক কিছুক্ষণ আগে শহীদ হয়েছেন।’

আলজাজিরা গত সপ্তাহে টুর্নামেন্টটির ফাইনালের খবর প্রকাশ করেছিল। ফাইনালে গাজা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়। টুর্নামেন্টে দুই শতাধিক ক্লাব অংশ নেয়। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননে ফিলিস্তিনি শরণার্থীশিবিরগুলোর ৩৬টি ক্লাব ছিল। তিনটি স্থানে একই সময়ে টুর্নামেন্ট শুরু হয়।

পিএফএর সভাপতি জিবরিল রাজুব বলেন, এই আয়োজন প্রমাণ করেছে, ফিলিস্তিনিরা তাদের ‘জাতীয় ইচ্ছাশক্তি’ হারায়নি।

তিনি আরো বলেন, ‘খেলাধুলা যে আশা ও জীবনের প্রতীক হয়ে থাকবে, সেই বিশ্বাসও আমরা হারাইনি।’

এর কয়েক দিন আগে, গত শুক্রবার ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয় ১৫ বছর বয়সি মোহাম্মদ নিদাল বারবাক। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

এসব ঘটনা ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নিষ্ক্রিয়তার বিষয়টি সামনে এনেছে। বৈষম্যবিরোধী নীতিমালা একাধিকবার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি সংস্থাটি।

গত মার্চে পিএফএ ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) নিষিদ্ধ করার দাবি জানায়। এর আগে ফিফার শৃঙ্খলা কমিটির এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের ক্লাব বেইতার জেরুজালেমের ‘ধারাবাহিক ও সুপ্রমাণিত বর্ণবাদী আচরণের’ বিরুদ্ধে আইএফএ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

ওই সময় পিএফএ সভাপতি এবং ফিলিস্তিন অলিম্পিক কমিটির প্রধান জিবরিল রাজুব বলেছিলেন, ‘আমরা আমাদের অধিকার বজায় রেখেছি এবং ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনকে সব আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ইসরাইলি ক্রীড়া কর্মকর্তাদের কথিত অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে রাজুব বলেন, তিনি গাজায় তিন বছর ধরে চলা গণহত্যার মধ্যে খেলোয়াড়দের নিহত হওয়ার ঘটনা এবং ভূখণ্ডটির বহু ক্রীড়া স্থাপনা ধ্বংসের কথা উল্লেখ করছেন।

ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজার ক্রীড়া অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টেডিয়াম, ক্লাব, ক্রীড়াকেন্দ্র ও প্রশিক্ষণ একাডেমি ধ্বংস করা হয়েছে। কয়েকটি ক্রীড়া স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়ামের মতে, প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের কারণে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গন এখন ‘অস্তিত্বের সংকটে’ পড়েছে।

গত আগস্টে আনাদোলু সংবাদ সংস্থাকে তিনি বলেন, গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টির বেশি ধ্বংস করেছে ইসরাইল। এ ছাড়া ফিফার সহায়তায় পিএফএ প্রতিষ্ঠিত প্রায় ২০টি পাঁচ-জনের ফুটবল খেলার মাঠও ধ্বংস করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন।

এএম

ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের, যুদ্ধ ছড়ানোর হুমকি তেহরানের

সামরিক লক্ষ্যবস্তুর নতুন তালিকা তৈরি করল ইরান

তেল রপ্তানি ছাড়া কি টিকে থাকতে পারবে ইরান

হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হবে না: আইআরজিসি

ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

সৌদি কমান্ড সেন্টারে হুথিদের হামলা

প্রকাশ্য ঘোষণার আগেই সৌদিতে মিসরের সেনা মোতায়েন

ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

হরমুজ আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

মক্কায় আছড়ে পড়ল হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ