যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে যখন কূটনৈতিক তৎপরতা বাড়ছে, তখনই দুই নেতার মধ্যে এই আলোচনা হলো। খবর এএফপির।
এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা কমাতে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ইরানের শীর্ষ কূটনীতিকও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ার পর ট্রাম্প আবারও ইরানে সামরিক হামলা চালাতে পারেন—এমন আশঙ্কা তৈরি হয়েছে। ফলে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব বেড়েছে।
কাতারের আমিরের দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পের ফোনের পর দুই নেতা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে আরো বলা হয়, আমির শেখ তামিম বিরোধ মীমাংসা এবং পরিস্থিতির আরো অবনতি রোধে সংলাপ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে সংকট সমাধানে কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন তিনি।
এমএমআর