হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তিন বছর বন্ধ থাকার পর গাজায় ফিরল ফুটবল, ধ্বংসস্তূপের মাঝেই টুর্নামেন্টে ২০ দল

আমার দেশ অনলাইন

২৭ নভেম্বর ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের মাঝে আয়োজিত এক টুর্নামেন্টে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফুটবল খেলছে। সূত্র – আনাদোলু এজেন্সি

ধ্বংসস্তূপের মাঝেই গাজায় ফিরল ফুটবল, তিন বছর বন্ধ থাকার পর টুর্নামেন্টে ২০ দল

যুদ্ধের ধ্বংসস্তূপ, বিধ্বস্ত ঘরবাড়ি আর চারপাশে ইসরাইলি সেনাদের অবস্থান—এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই দক্ষিণ গাজার খান ইউনিসে আবারও ফিরেছে ফুটবল। প্রায় তিন বছর বন্ধ থাকার পর শুক্রবার শহরটিতে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় ২০টি স্থানীয় দল। খেলা দেখতে জড়ো হন প্রায় ২ হাজার ফিলিস্তিনি।

ইসরাইলি হামলায় বিধ্বস্ত স্থাপনার ধ্বংসাবশেষের মধ্যে একটি পুরোনো যানবাহন রাখার স্থানে বালুময় মাঠ তৈরি করে টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা দেখতে আসা দর্শকদের কেউ ধ্বংসস্তূপের ওপর উঠে দাঁড়ান, কেউ আবার মাঠের চারপাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন। খেলোয়াড়দের প্রতিটি আক্রমণ ও গোলের মুহূর্তে উল্লাসে মেতে ওঠেন তারা।

ইসরাইলের যুদ্ধের কারণে প্রায় তিন বছর ধরে খান ইউনিসে ফুটবল খেলা বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর এই আয়োজন শহরটির শিশু-কিশোর ও তরুণদের আবারও একসঙ্গে হওয়ার সুযোগ করে দিয়েছে। যুদ্ধের আগে যে খেলাকে ঘিরে তাদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল, ধ্বংসস্তূপের মধ্যেও সেই পরিচিত পরিবেশ কিছুটা ফিরে আসে।

ইসরাইলি সেনাদের অবস্থানের কাছেই খেলা

খেলার মাঠের জন্য উপযুক্ত জায়গা না থাকায় এবং ক্রীড়াসামগ্রীর তীব্র সংকটের কারণে আয়োজকেরা ইসরাইলি সেনাবাহিনীর নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর কাছাকাছি একটি খোলা জায়গা বেছে নেন।

২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির পর ইসরাইলি সেনাবাহিনী এই ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করে। শুরুতে এটি ইসরাইলি সেনাদের অবস্থান ও গাজার বাকি অংশের মধ্যকার সীমারেখা হিসেবে নির্ধারিত হয়েছিল। তবে ওই রেখা অতিক্রম করে ইসরাইলি সেনাদের অভিযানের ফলে গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা তাদের সামরিক নিয়ন্ত্রণে চলে গেছে ।

একটি দলের কোচ নাহিদ আবদিন বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে তিনি স্থানীয় বাসিন্দাদের আরো কাছাকাছি আনতে চান। একই সঙ্গে ওই এলাকায় এখনো বসবাস করা ফিলিস্তিনিদের পরিস্থিতির প্রতিও সবার দৃষ্টি আকর্ষণ করতে চান।

তিনি বলেন, ‘আমরা ফুটবল খেলার মধ্য দিয়েও যুদ্ধ করছি, খেলার চেতনার মধ্য দিয়েও লড়াই চালিয়ে যাচ্ছি।’ আবদিনের ভাষায়, খেলোয়াড়েরা মাঠে এসেছেন মানুষকে আনন্দ দিতে এবং তাদের এই অনুভূতি দিতে যে এখনো কিছু একটা টিকে আছে, এই ভূখণ্ডে ফিলিস্তিনিরা এখনো রয়েছেন।

তবে ইসরাইলি সামরিক অবস্থানের এত কাছে খেলা আয়োজনের ঝুঁকিও কম নয় বলে জানান তিনি। আবদিন বলেন, সেখানে প্রতিনিয়ত গোলাবর্ষণ ও গুলির শব্দ শোনা যায়। ঝুঁকি অনেক বেশি, তবে নিরাপদ থাকার জন্য তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন।

স্বাভাবিক জীবনে ফিরতে চান বাসিন্দারা

খান ইউনিসের মেয়র আলা আল-দিন আল-বাত্তা বলেন, টুর্নামেন্টে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ওই এলাকায় থেকে যাওয়ার ব্যাপারে বাসিন্দাদের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন। বিশেষ করে ‘ইয়েলো লাইন’-সংলগ্ন এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিরা নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।

মেয়র জানান, ইসরাইলি সেনাবাহিনী এলাকাটিকে ‘অরেঞ্জ জোন’ হিসেবে চিহ্নিত করার পর সেখানকার অধিকাংশ বাসিন্দাকে চলে যেতে হয়েছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বের অন্য মানুষের মতো জীবনযাপন করতে চাই। এমন একটি স্বাভাবিক জীবন চাই, যেখানে খেলাধুলা করতে পারব এবং প্রতিদিনের কাজগুলো নির্বিঘ্নে করতে পারব।’

এলাকায় শান্তি ফিরিয়ে আনা এবং ইসরাইলি সেনাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো থেকে তাদের প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এতে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের বাড়িঘরে ফিরে যাওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন মেয়র।

যুদ্ধে প্রাণ গেছে ক্রীড়াঙ্গনের ১ হাজার ১৪ জনের

গাজার ক্রীড়াঙ্গনেও ইসরাইলের যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে। ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়াম এর আগে জানিয়েছিলেন, যুদ্ধে খেলাধুলা, যুব কার্যক্রম ও স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৫৬০ জনের বেশি খেলোয়াড়, রেফারি, কোচ ও প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, যারা ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় ২৬৫টির বেশি ক্রীড়া স্থাপনা সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে স্টেডিয়াম, ইনডোর স্পোর্টস হল, ক্লাব ভবন ও ক্রীড়া একাডেমি।

বর্তমানে গাজার অধিকাংশ ক্রীড়া স্থাপনা ব্যবহার অনুপযোগী হয়ে আছে। পাশাপাশি ক্রীড়াসামগ্রী প্রবেশে বিধিনিষেধ এবং প্রয়োজনীয় অর্থ ও উপকরণের অভাবে সেগুলো পুনর্নির্মাণের কাজও বাধাগ্রস্ত হচ্ছে।

যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেও খান ইউনিসের এই ফুটবল টুর্নামেন্ট তাই কেবল একটি ক্রীড়া আয়োজন নয়; বরং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, সামাজিক বন্ধন টিকিয়ে রাখা এবং নিজেদের ভূখণ্ডে টিকে থাকার প্রত্যয়েরও প্রকাশ হয়ে উঠেছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর ও আনাদোলু এজেন্সি

ইয়েমেনে ২০ হাজার টনের বেশি খাদ্যসামগ্রী পাঠাচ্ছে ডব্লিউএফপি

ঘাটতি পূরণে নতুন করে সেনা নিয়োগের ঘোষণা ইসরাইলের

২০২৭ সালের শুরুতে ফিলিস্তিনে নির্বাচন চায় ৮ ইউরোপীয় দেশ

যুদ্ধ শুরুর সামর্থ্য নেই শত্রুপক্ষের: ইরানি সেনা কমান্ডার

সৌদি বিমানবন্দর, তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি হুথিদের

ইসরাইলের ওপর চাপ প্রয়োগে ব্যর্থ পিস বোর্ড: হামাস

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি সৌদির

ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার সময়সীমা দিলেন আইজেনকোট

ফিলিস্তিনিদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের পক্ষে জাতিসংঘ মহাসচিব

রেকর্ড দরপতন, ইরানে ১ ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল