হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান-বুশরাকে নির্জন কারাবাসে রাখা যাবে না, পত্রিকা ও বই দেওয়ার নির্দেশ

ডন

ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি। ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে একাকী কারাবন্দি না রাখার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। একই সঙ্গে কারাগারের নিয়ম মেনে তাদের পরস্পরের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে বলা হয়েছে।

সোমবার দেওয়া রায়ে ইমরান ও বুশরাকে কথিত একাকী কারাবন্দি রাখার অভিযোগে করা আবেদনগুলো গ্রহণযোগ্য বলে ঘোষণা করে আদালত। বিচারপতি খাদিম হুসাইন সোমরু এ রায় দেন। গত ৬ আগস্ট এসব আবেদনের ওপর রায় সংরক্ষণ করেছিলেন তিনি।

বেগম নুসরাত ভুট্টো ও বেগম শামীম আফ্রিদি মামলায় নির্ধারিত নীতির আলোকে আবেদনগুলো গ্রহণযোগ্য বলে জানায় আদালত।

আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে কারাগারের নিয়ম অনুযায়ী ইমরান ও বুশরার সাক্ষাতের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইমরানের পরিবারের সদস্যদেরও নিয়ম মেনে তার সঙ্গে দেখা করার সুযোগ দিতে বলা হয়েছে।

ইমরানের সঙ্গে তার দুই ছেলের ফোনে কথা বলার ব্যবস্থাও করতে বলেছে আদালত। তবে এসব ফোনালাপের রেকর্ড রাজনৈতিক কাজে ব্যবহার করা হলে ফোনে কথা বলার অনুমতি প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইমরানকে প্রতিদিন সংবাদপত্র ও বই দেওয়ার পাশাপাশি প্রযোজ্য কারাবিধি অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে আদালত।

বুশরা বিবিকে একাকী কারাবন্দি রাখা হচ্ছে না—এটি নিশ্চিত করতে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ বাস্তবায়নের প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

আদালতের সব নির্দেশ কঠোরভাবে মেনে চলতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে আবেদনগুলোর নিষ্পত্তি করা হয়।

যে অভিযোগে আদালতে আবেদন

ইমরানের বোন আলিমা খান এবং বুশরা বিবির মেয়ে মুশাব্বারা খাওয়ার মানেকা এসব আবেদন করেন। তাদের অভিযোগ, ইমরান ও তার স্ত্রীকে দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হচ্ছে।

আগের শুনানিতে সরকার ও আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছিল। অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন, ইমরানের রাজনৈতিক পরিচয়ের কারণে নিরাপত্তাঝুঁকি রয়েছে। এ কারণে তাকে আলাদাভাবে রাখা হয়েছে। একই সঙ্গে বি-ক্লাস বন্দিদের জন্য নির্ধারিত সুবিধার চেয়েও বেশি সুযোগ তাকে দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়।

আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট সাজিদ বেইগ আদালতকে জানিয়েছিলেন, ইমরানকে ২৪ ঘণ্টা একটি কক্ষে আটকে রাখা হয়নি। দিনের বেলায় তিনি সাতটি কক্ষ নিয়ে গঠিত একটি কম্পাউন্ডে চলাফেরা করতে পারেন।

বুশরা বিবির ক্ষেত্রেও একই যুক্তি দিয়েছিল কারা কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, নিরাপত্তাঝুঁকির কারণে তাঁকে আলাদাভাবে রাখা হয়েছে। এটি একাকী কারাবাস নয়।

তবে আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সরকারের বক্তব্য প্রত্যাখ্যান করেন। তার অভিযোগ, ইমরান ও বুশরার ওপর আরোপিত বিধিনিষেধ তাদের দীর্ঘ সময়ের বিচ্ছিন্নতা ও মানসিক দুর্ভোগের মধ্যে ফেলছে।

তিনি আরো বলেন, তাদের আইনজীবী, পরিবারের সদস্য ও বইয়ের কাছে যাওয়ার সুযোগ সীমিত। ইমরানের সঙ্গে তার দুই ছেলের নিয়মিত সাক্ষাৎ এবং প্রতি সপ্তাহে ফোনে কথা বলার সুযোগও চেয়েছিলেন তিনি।

ইমরানকে নিয়ে সরকারের বক্তব্য

গত সপ্তাহে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার একটি টেস্ট ম্যাচ চলাকালে ইমরানের দুই ছেলের একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। এর পর এ বিষয়ে বিস্তারিত বিবৃতি দেয় পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পাশাপাশি বিদেশি সংবাদমাধ্যমগুলোর কাছেও পাঠানো হয়।

তথ্য মন্ত্রণালয় ইমরানকে ‘শাস্তিমূলক একাকী কারাবাস, নিষ্ঠুরতা বা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত’ করার অভিযোগ প্রত্যাখ্যান করে। মন্ত্রণালয়ের দাবি, তার জন্য সাক্ষাৎ, ফোনে কথা বলা, পড়ার উপকরণ ও বাড়িতে রান্না করা খাবারসহ বিভিন্ন সুযোগ রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইমরান ‘নির্বাহী আদেশে আটক ব্যক্তি’ নন। একাধিক বিচারিক প্রক্রিয়ার পর দেওয়া বিভিন্ন দণ্ডের ভিত্তিতে তিনি কারাগারে আছেন। তবে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা পাকিস্তানের আইনে তার জন্য উন্মুক্ত সব আইনি প্রতিকার নেওয়ার অধিকার রাখেন।

তথ্য মন্ত্রণালয়ের এসব দাবি প্রত্যাখ্যান করেছে পিটিআই। দলটির ভাষ্য, মন্ত্রণালয়ের বক্তব্য ‘বিভ্রান্তিকর, বানোয়াট ও ভুল’।

এএম

যুদ্ধ, অর্থনীতি ও কূটনীতির প্রধান ক্ষেত্র এখন হরমুজ

হাঙরের দাঁত ভয়ংকর

টার্নওভারে গ্রস প্রাপ্তির দুই কোটি টাকা পর্যন্ত করমুক্ত

শ্রীনগরে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওসিসহ আহত ১০

মক্কা চুক্তি, ভূরাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, যুবদলকর্মী আটক

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোংলায় ৫০ কেজি গাঁজা জব্দ

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ভারত