পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্তত ২৯ শিক্ষার্থী ও এক নারী শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ২০ শিশু।
লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ জানায়, নিহত ২৮ শিশুর লাশ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া প্রাদেশিক রাজধানীর নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় আরো দুটি লাশ। পরে এক নারী শিক্ষকের লাশও হাসপাতালে আনা হয়।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ড. মিয়ান সাঈদ জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ৪০ জনের বেশি আহত হওয়ার কথাও এর আগে জানিয়েছিলেন তিনি। এ ঘটনায় স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি শিক্ষা ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠানটি পরিচালনা করছিলেন।
প্রাদেশিক শিক্ষাসচিব ইনায়াতুল্লাহ ওয়াসিম বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে আগামীকালের মধ্যে ঘটনার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সূত্র: জিও নিউজ
আরএ