মক্কা প্রতিরক্ষা জোটের (মক্কা ডিফেন্স অ্যালায়েন্স) পরবর্তী বৈঠক আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি মাসের শেষ দিকে দেশটির রাজধানী ইসলামাবাদে জোটের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির এ বৈঠক হতে পারে। সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়েছেন।
ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসহাক দার জানান, গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দুই দেশও সম্মিলিত প্রতিরক্ষার আওতায় আসবে।
জোটের সর্বোচ্চ কমিটির নাম স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটি (এসপিডিসি)। এতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।
দার বলেন, জোটের প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই পরবর্তী সভা ইসলামাবাদে আয়োজনের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। অন্য দুই দেশও তাতে সম্মতি জানিয়েছে। তার আশা, চলতি মাসের শেষ দিকে কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার পরিপ্রেক্ষিতে গত মাসে রিয়াদে এসপিডিসির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
জোট সম্প্রসারণের পরিকল্পনা
মক্কা প্রতিরক্ষা জোটের সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ চলছে বলেও জানিয়েছেন ইসহাক দার। এর অংশ হিসেবে জোটের মহাসচিবের কার্যালয় এবং রিয়াদে স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া তিন দেশের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও সামরিক দপ্তরের একজন করে প্রতিনিধিকে নিয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করেছে। চলতি নভেম্বরেই তাদের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে জোট পরিচালনার বিস্তারিত কার্যপদ্ধতি ও নিয়মকানুন চূড়ান্ত করার কাজ হবে।
দার বলেন, প্রাথমিক অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম গুছিয়ে নেওয়ার পর প্রায় এক বছর পর নতুন সদস্য নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। জোটের মূলনীতি ও শর্তের সঙ্গে একমত দেশগুলোর সদস্যপদ আবেদনের বিষয়টি তখন বিবেচনা করা হবে।
তিনি বলেন, এ জোট শুধু তিনটি দেশের স্বার্থে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে অন্য দেশগুলোকেও এতে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে।
আঞ্চলিক নিরাপত্তায় নিজস্ব কাঠামোর পক্ষে পাকিস্তান
মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় দেশগুলোর নিজস্ব নিরাপত্তা কাঠামো থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
ইসহাক দারের ভাষ্য, বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা বারবার সামনে এসেছে। এ অঞ্চলের দেশগুলোরও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর কাঠামো গড়ে তোলা উচিত। মক্কা প্রতিরক্ষা চুক্তি সে উদ্যোগের সূচনা হতে পারে।
তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোও এক দিনে গড়ে ওঠেনি। মক্কা চুক্তির মূল উদ্দেশ্য আত্মরক্ষা। জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে ব্যক্তিগত ও সম্মিলিত আত্মরক্ষার যে অধিকার স্বীকৃত হয়েছে, এ চুক্তি তার সঙ্গে সাংঘর্ষিক নয়।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনেও চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ
সংবাদ সম্মেলনে ইসহাক দার জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে।
দার বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান আগে সাত দিনের যে প্রস্তাব দিয়েছিল, সেটি সংক্ষিপ্ত করে দুই দিনের পরিকল্পনা করা হয়েছে। এ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব এখনো পাওয়া যায়নি। তবে পাকিস্তান আশা ছাড়েনি এবং সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান এবং উত্তেজনা কমানোই স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর পথ।
ইসহাক দারের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতিকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে। এ অবস্থায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার নতুন উদ্যোগ আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় কী ভূমিকা রাখে, তা নিয়ে নজর রয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর।
সূত্র: ডন, পাকিস্তান টুডে ও দ্য নেশন