পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিহত হয়েছে ৭৪ জন। শুক্রবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, ‘সন্ত্রাসী হুমকি নির্মূল ও খাওয়ারিজের নেটওয়ার্ক ধ্বংস করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিক গোয়েন্দা অভিযান পরিচালনা করছে।’
বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার মির আলি এলাকায় ৩৫ জন এবং ওরাকজাই জেলায় আটজন নিহত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর তীব্র সংঘর্ষ হয়। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ।
অন্যদিকে, গত ৩ নভেম্বর থেকে বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় পরিচালিত অভিযানে আরো ৩১ জন নিহত হয় বলে জানিয়েছে আইএসপিআর। সেখানে সশস্ত্র গোষ্ঠীর একাধিক আস্তানায় অভিযান চালানো হয়। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বিস্ফোরক।
আইএসপিআর জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে। দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৪৯টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৩১। এসব হামলায় ২৫ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
সূত্র: ডন
আরএ