হোম > বিশ্ব > রাশিয়া

হঠাৎ মস্কোতে মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘিরে রহস্য, নীরব ক্রেমলিন

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার বিমান।

মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মঙ্গলবার একটি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। বিমানটির মস্কোতে আসার কারণ বা এতে কী ধরনের পণ্য কিংবা যাত্রী ছিল, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। ক্রেমলিনও জানিয়েছে, বিমানটি নিয়ে তাদের কাছে আপাতত কোনো তথ্য নেই।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিবন্ধিত বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি স্থানীয় সময়ের হিসাবে মঙ্গলবার সকাল ৭টার দিকে মস্কোয় অবতরণ করে। বিমানটির টেইল নম্বর ০৭-৭১৮১। এর আগে বিমানটি লাটভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি মস্কোর উদ্দেশে উড্ডয়ন করে। তবে বিমানটিতে কোনো যাত্রী বা কার্গো ছিল কি না, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য আরো বলছে, গত ২৩ আগস্ট বিমানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে রিগায় পৌঁছেছিল।

ইউরোপ থেকে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের নিবন্ধিত কোনো বিমানের সর্বশেষ সরাসরি ফ্লাইট হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। ওই সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনা করতে মস্কো সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা মার্কিন নিবন্ধিত একটি বিমানে রাশিয়ায় গিয়েছিলেন।

এদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। গত সপ্তাহে ক্রেমলিন জানিয়েছিল, উইটকফ ও কুশনারের নতুন করে মস্কো সফরের বিষয়ে তাদের কাছে তখনও কোনো তথ্য নেই।

মঙ্গলবারের মার্কিন সামরিক বিমানের মস্কো সফর এমন পরিস্থিতিতে নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে বিমানটি কেন মস্কোয় এসেছে বা এর সঙ্গে কোনো কূটনৈতিক উদ্যোগের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

এআরবি

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

গোপালগঞ্জে দুই মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

উচ্চশিক্ষার সনদ পেলেই প্রকৃত শিক্ষা হয় না: চট্টগ্রামের ডিসি

হিজাব পরা ইসলামে অপরিহার্য আচার নয়: ভারতের হাইকোর্ট

বিএনপির সংরক্ষিত নারী এপিদের বিরোধীদলের আসনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া অসাংবিধানিক

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠক

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির