বহিঃশত্রুর সশস্ত্র হামলার মুখে যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেছে কাতার ও তুরস্ক। এ লক্ষে দুই দেশ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় নিরাপত্তা হুমকি ও প্রতিরক্ষা নীতি নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা, যৌথ সামরিক মহড়া বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং সামরিক সদস্যদের প্রশিক্ষণ বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত তুরস্ক-কাতার সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ চুক্তির ঘোষণা আসে। বৈঠকে সভাপতিত্ব করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তা এবং নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চাইছে দেশ দুটি।
চুক্তিতে যা রয়েছে
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ চুক্তির মূল লক্ষ্য সম্মিলিত প্রতিরক্ষা জোরদার, আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা এবং যেকোনো একটি বা উভয় দেশের ওপর বহিঃশত্রুর সশস্ত্র হামলার ঘটনায় অভিন্ন অবস্থান নিশ্চিত করা।
বিবৃতিতে বলা হয়, এটি শুধু দুই দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার নয়, বরং আরো নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার অভিন্ন দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন।
চুক্তির আওতায় নিরাপত্তা হুমকি এবং প্রতিরক্ষা নীতি নিয়ে দুই দেশ পরস্পরের সঙ্গে পরামর্শ করবে। পাশাপাশি যৌথ সামরিক মহড়া সম্প্রসারণ, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সহযোগিতা এবং সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ বিনিময় বাড়ানো হবে।
তবে কোন পরিস্থিতিতে এই চুক্তি কার্যকর হবে কিংবা কোনো একটি দেশের ওপর হামলা হলে যৌথভাবে কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে যৌথ বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কোনো দেশের বিরুদ্ধে সামরিক জোট নয়
বিশ্লেষকদের মতে, কাতার ও তুরস্কের এই উদ্যোগ কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক জোট গঠনের প্রচেষ্টা নয়। বরং সম্ভাব্য আগ্রাসনের ঝুঁকি ও মূল্য বাড়িয়ে প্রতিপক্ষকে হামলা থেকে বিরত রাখাই এর অন্যতম উদ্দেশ্য।
কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল-এতাইবি আলজাজিরাকে বলেন, কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে জোট গঠন এই চুক্তির উদ্দেশ্য নয়। সম্ভাব্য হামলাকারীদের কাছে আগ্রাসনকে ব্যয়বহুল করে তোলার মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তিশালী করাই এর লক্ষ্য।
তার মতে, তুরস্কের সামরিক উপস্থিতি, যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সহযোগিতার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আগে থেকেই বিস্তৃত সামরিক অংশীদারত্ব রয়েছে। নতুন চুক্তির মাধ্যমে সেই সম্পর্ক আরো উন্নত পর্যায়ে পৌঁছাবে। নিরাপত্তা নীতি এবং সম্ভাব্য হুমকি মোকাবিলার বিষয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গিও অনেকটা অভিন্ন।
কেন এই সময়ে চুক্তি
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলের আক্রমণাত্মক সামরিক তৎপরতা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা ভবিষ্যতে কতটা নির্ভরযোগ্য থাকবে, তা নিয়ে আঞ্চলিক দেশগুলোর মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন অংশীদারত্ব গড়ে তোলার দিকে ঝুঁকছে। বিশেষ করে যৌথ প্রতিরক্ষা, অস্ত্র উৎপাদন এবং বাইরের শক্তির ওপর নির্ভরতা কমানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
আল-এতাইবির মতে, আঞ্চলিক দেশগুলো এখন সম্ভাব্য সংঘাত মোকাবিলায় নিজেদের প্রতিরোধক্ষমতা বাড়াতে চাইছে। নতুন সামরিক উত্তেজনার আশঙ্কা থেকেই এ ধরনের উদ্যোগের গুরুত্ব বেড়েছে।
যৌথ বিবৃতিতে তুরস্ক ও কাতার ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ এবং এর আঞ্চলিক প্রভাব কূটনৈতিক আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ, সুরক্ষিত ও বাধাহীন নৌ চলাচল দ্রুত এবং সম্পূর্ণভাবে পুনরায় চালুর দাবি জানিয়েছে দেশ দুটি।
প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদনে গুরুত্ব
নতুন চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সহযোগিতা। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার দুর্বলতা আরো স্পষ্ট হয়েছে। বিশেষ করে বিদেশি উৎস থেকে অস্ত্র, সামরিক সরঞ্জাম ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহের ওপর নির্ভরতা নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে।
আল-এতাইবি বলেন, নিজস্বভাবে অস্ত্র উৎপাদন এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করা এখন আর শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং কৌশলগত প্রয়োজন।
মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক মাহজুব জুয়েরি আলজাজিরাকে বলেন, যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাবে। কারণ, সামরিক শিল্প গড়ে তুলতে বিপুল বিনিয়োগ, দীর্ঘমেয়াদি অঙ্গীকার এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে পারস্পরিক আস্থা প্রয়োজন।
তার মতে, সাম্প্রতিক যুদ্ধ দেখিয়েছে, নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা থাকা কতটা জরুরি। এ ক্ষেত্রে ইরানের উদাহরণ সামনে এসেছে। নিজস্বভাবে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উৎপাদন করতে পারায় দেশটি যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখতে পেরেছে।
এ ছাড়া তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত ‘বদর সমঝোতা স্মারক’কেও স্বাগত জানিয়েছে দুই দেশ। যৌথ বিবৃতিতে এটিকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সম্মিলিত প্রতিরক্ষা জোরদারের একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আওতায় যৌথ উৎপাদন, প্রযুক্তি উন্নয়ন, তথ্য বিনিময় এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করার বিষয়গুলো রয়েছে।
দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক
কাতার ও তুরস্কের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে দুই দেশের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটি গঠিত হয়। শুক্রবারের বৈঠকটি ছিল এই কমিটির ১২তম সভা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, এই কাঠামোর মাধ্যমে দুই দেশ বিভিন্ন চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করে আসছে।
মাহজুব জুয়েরির মতে, ২০১৪ সালের পর বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার পরও দোহা ও আঙ্কারার মধ্যে যে আস্থার সম্পর্ক তৈরি হয়েছে, নতুন প্রতিরক্ষা চুক্তি তারই প্রতিফলন।
দুই দেশের সহযোগিতা শুধু সামরিক খাতেই সীমাবদ্ধ নয়। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কাতারে তুরস্কের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত ২০৬টি প্রকল্প বাস্তবায়ন করেছে, যার মোট মূল্য ২০৮০ কোটি ডলার।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে দুই দেশ। জ্বালানি খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে তারা। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে আঙ্কারা ও দোহা।
সামনে ড্রোন ও আকাশ প্রতিরক্ষায় সহযোগিতার সম্ভাবনা
নতুন চুক্তির পরবর্তী ধাপে ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাঁজোয়া যান উৎপাদনে সহযোগিতা বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার পররাষ্ট্রবিষয়ক বিশ্লেষক ওজকান তিকিতের মতে, এই অংশীদারত্বে তুরস্কের সামরিক ও শিল্প খাতের দক্ষতার সঙ্গে কাতারের আর্থিক ও কূটনৈতিক সক্ষমতার সমন্বয় ঘটবে।
তিনি মনে করেন, ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং সাঁজোয়া যান তৈরিতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারিত হতে পারে। এমনকি তুরস্কের উন্নত আকাশ প্রতিরক্ষা প্রকল্পেও কাতার যুক্ত হতে পারে।
এ ধরনের কিছু উৎপাদন প্রকল্পে সৌদি আরব ও পাকিস্তানকেও যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে এগুলো ভবিষ্যৎ সম্ভাবনা মাত্র; শুক্রবারের চুক্তিতে এসব প্রকল্পের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র: আল জাজিরা
এআরবি