তুরস্কের ইস্তাম্বুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম মধ্যবর্তী ছুটি শুরু হয়েছে। ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ ছুটিতে শিশুদের বিনোদন ও শেখার সুযোগ করে দিতে শহরটির বিভিন্ন পার্ক, উদ্যান, জাদুঘর, থিম পার্ক ও প্রকৃতিভিত্তিক পর্যটনকেন্দ্রে রয়েছে নানা আয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি প্রকৃতি, ইতিহাস ও নতুন নতুন পেশা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে শিশুরা।
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে নতুন অভিজ্ঞতা অর্জন, পছন্দের বিষয় আবিষ্কার এবং খেলাধুলার মাধ্যমে সময় কাটানোর সুযোগ করে দিতেই এসব আয়োজন রাখা হয়েছে।
ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পরিবারের জন্য আকর্ষণীয় কয়েকটি জায়গা হলো আতাতুর্ক সিটি ফরেস্ট, আতাতুর্ক আরবোরেটাম ও সারিয়ের এলাকার বেলগ্রাদ ফরেস্ট। এসব স্থানের হাঁটার পথ ও বৈচিত্র্যময় উদ্ভিদ শিশুদের প্রকৃতির পরিবর্তন পর্যবেক্ষণ, বিভিন্ন গাছপালা সম্পর্কে জানা এবং শারীরিক কসরতের সুযোগ করে দেয়।
হাজারো প্রজাতির উদ্ভিদের আবাসস্থল আতাতুর্ক আরবোরেটামে শিশুরা উদ্ভিদ ও পরিবেশ সম্পর্কে হাতে-কলমে ধারণা নিতে পারে। অন্যদিকে, বেলগ্রাদ ফরেস্ট পরিবারের সদস্যদের নিয়ে হাঁটাহাঁটি ও খোলামেলা পরিবেশে বিনোদনের জন্য উপযোগী।
এশীয় অংশে আতাশেহির এলাকার নেজাহত গোকইয়িত বোটানিক্যাল গার্ডেন শিশুদের উদ্ভিদের বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ দিচ্ছে। বেইকোজের পোলোনেজকয় নেচার পার্কে রয়েছে হাঁটা ও সাইকেল চালানোর পথ। সেখানে প্রাকৃতিক পরিবেশ উপভোগের পাশাপাশি বন্য প্রাণী দেখার সুযোগও রয়েছে। এ ছাড়া সানজাকতেপের নেফেস ফরেস্টে হাঁটার পথ, শিশুদের খেলার মাঠ ও খোলামেলা বিনোদনের ব্যবস্থা রয়েছে।
থিম পার্ক ও অ্যাডভেঞ্চারে বাড়তি আকর্ষণ
যেসব পরিবার একটু বেশি প্রাণবন্ত ও রোমাঞ্চকর বিনোদন খুঁজছে, তাদের জন্যও রয়েছে বিভিন্ন আয়োজন। আইয়ুপসুলতানের ভিয়াল্যান্ড থিম পার্কে বিভিন্ন বয়সী শিশুদের উপযোগী রাইড ও থিমভিত্তিক বিনোদনকেন্দ্র রয়েছে।
বায়রামপাশার ফোরাম ইস্তাম্বুলে অবস্থিত জেপলিনএক্সে রয়েছে দড়ির ওপর বিভিন্ন ধরনের বাধা অতিক্রম ও দেয়াল বেয়ে ওঠার মতো কার্যক্রম। এসব আয়োজনের মাধ্যমে বিনোদনের পাশাপাশি শিশুদের শারীরিক সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
তুজলা এলাকায় পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে ভিয়াসি থিম পার্ক, ভিয়াসি অ্যাকুয়ারিয়াম ও আসলান পার্ক। অ্যাকুয়ারিয়ামে সামুদ্রিক প্রাণীর বৈচিত্র্য দেখার সুযোগ রয়েছে। আর আসলান পার্কে কাছ থেকে বন্য প্রাণী দেখার অভিজ্ঞতা নিতে পারে শিশুরা।
খেলার ছলে পেশা ও ইতিহাসের পাঠ
শিশুদের জন্য শিক্ষামূলক বিনোদনের অন্যতম আকর্ষণ উস্কুদারের কিডজানিয়া ইস্তাম্বুল। এখানে বাস্তব পরিবেশের আদলে তৈরি বিভিন্ন কর্মক্ষেত্রে শিশুদের নানা পেশার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে। তারা চিকিৎসক, অগ্নিনির্বাপণকর্মী, পাইলট কিংবা শেফের ভূমিকায় অংশ নিতে পারে। এসব কার্যক্রমের মাধ্যমে দলগত কাজ, দায়িত্ববোধ ও বিভিন্ন পেশা সম্পর্কে ধারণা তৈরি হয়।
অন্যদিকে, আইয়ুপসুলতানের মিনিয়াতুর্কে তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষুদ্র সংস্করণ প্রদর্শন করা হয়েছে। এসব প্রদর্শনীর মধ্যে রয়েছে অটোমান ও সেলজুক আমলের স্থাপত্যকীর্তি থেকে শুরু করে প্রজাতন্ত্র-পরবর্তী সময়ের গুরুত্বপূর্ণ নিদর্শন। এর মাধ্যমে শিশুরা তুরস্কের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।
শহরটির বিভিন্ন খেলনা জাদুঘরও শিশুদের জন্য আরেকটি আকর্ষণীয় গন্তব্য। এসব জাদুঘরে বিভিন্ন সময় ও সংস্কৃতির খেলনা সংগ্রহ প্রদর্শিত হয়। ফলে বাইরে ঘোরাঘুরি করতে না চাইলে পরিবারগুলো ঘরের ভেতরেও শিশুদের নিয়ে আনন্দময় সময় কাটাতে পারে।
জাতীয় উদ্যানেও শিশুদের জন্য সুযোগ
মধ্যবর্তী ছুটিতে শিশুদের সময় কাটানোর জন্য ইস্তাম্বুলের বিভিন্ন জাতীয় উদ্যানেও রয়েছে নানা সুযোগ। এসবের মধ্যে রয়েছে আতাতুর্ক বিমানবন্দর, উমরানিয়ে, নাক্কাশতেপে, কায়াশেহির, বেইকোজ, বাসাকশেহির, ওসমানগাজি, আইদোস, পেনদিক ও বারুথানে এলাকার জাতীয় উদ্যান।
এসব উদ্যানে শিশুদের খেলার মাঠ, হাঁটার পথ, সাইকেল চালানোর ব্যবস্থা এবং সবুজ খোলা জায়গা রয়েছে। ফলে পরিবারগুলো একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি শরীরচর্চা ও প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে পারছে।
শিক্ষাবর্ষের ব্যস্ততার মধ্যে কয়েক দিনের এই ছুটিকে শিশুদের জন্য আনন্দ, বিনোদন ও নতুন কিছু শেখার সুযোগে পরিণত করতেই ইস্তাম্বুলজুড়ে এসব আয়োজন রাখা হয়েছে।