হোম > বিশ্ব > তুরস্ক

মুসলিম বিশ্বের আত্মসমালোচনা করা উচিত: এরদোয়ান

আমার দেশ অনলাইন

১৮ নভেম্বর প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান আঙ্কারায় একে পার্টির সংসদীয় দলের বৈঠকে দলের সদস্যদের সম্ভাষণ জানাচ্ছেন। ছবি-আনাদোলু এজেন্সি

গাজায় ইসরাইলি হামলা ও মানবিক বিপর্যয়ের মধ্যে ফিলিস্তিনিদের দুর্ভোগের বিষয়ে তুরস্ক নীরব থাকবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে উপত্যকাটিতে বাস্তুচ্যুত মানুষের সংকট আরো গভীর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বুধবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদীয় দলের বৈঠকে বক্তব্য দেন এরদোয়ান। এ সময় গাজার সাধারণ মানুষ, বিশেষ করে শীত ও আশ্রয়সংকটে থাকা শিশুদের দুর্দশার কথা তুলে ধরেন তিনি।

এরদোয়ান বলেন, ‘অন্যরা চোখ বন্ধ করে থাকুক কিংবা কান বন্ধ করে রাখুক, গাজায় নিপীড়নের ঘটনায় আমরা নীরব থাকব না।’

গাজার বাস্তুচ্যুত পরিবার ও শিশুদের দুরবস্থার কথা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, পর্যাপ্ত আশ্রয় ছাড়াই তীব্র শীতের মধ্যে শিশুদের কাঁপতে দেখার দৃশ্য তাদের হৃদয়কে ভারাক্রান্ত করে। অনেক শিশুর মাথা গোঁজার মতো একটি তাঁবুও নেই।

চলতি মাসের শুরুতে ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের হাজার হাজার তাঁবু পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিনের সংঘাত ও ইসরাইলি হামলায় উপত্যকাটির অধিকাংশ মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। বৃষ্টির পর একটি বালুর বাঁধ ধসে তাঁবুর ওপর পড়লে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।

এরপর গাজা সিটি এবং মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে শিবিরগুলো প্লাবিত হওয়ায় শত শত পরিবারকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যেতে দেখা যায়।

ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতারও নিন্দা জানান এরদোয়ান। তার ভাষায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা, গুপ্তহত্যা, বৈষম্য ও বিচ্ছিন্ন করে রাখার ঘটনা ঘটছে।

গত সপ্তাহে তুরস্কসহ ৫৩টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা গাজায় নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানায়। এর আগে ভয়াবহ আবহাওয়া ও বন্যায় তাঁবুতে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। এ সময় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনাও সামনে আসে।

গাজা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করে এরদোয়ান মুসলিম বিশ্বের আত্মসমালোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘ইসলামি বিশ্বের আত্মসমালোচনা করা উচিত।’ মানবিক বিপর্যয় মোকাবিলায় আরো সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

২০০২ সালের স্মৃতিচারণ

বৈঠকে একে পার্টির ক্ষমতায় আসার প্রায় ২৪ বছরের ইতিহাসও তুলে ধরেন এরদোয়ান। ২০০২ সালে দলটির প্রথম সংসদীয় দলের বৈঠকের ভিডিওচিত্র দেখানো হয়। সেখানে এরদোয়ানের দেওয়া বক্তব্যও পুনরায় প্রচার করা হয়।

ওই বক্তব্যে তিনি বলেছিলেন, ‘এখন থেকে এমন এক যুগের সূচনা হবে, যা অতীতের সবকিছুর চেয়ে আলাদা। আপনারা বিষয়টি মনে রাখবেন।’

২০০২ সালের ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়ে ক্ষমতায় আসে একে পার্টি। ওই নির্বাচনের পর ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয় দলটির প্রথম সংসদীয় দলের বৈঠক। সেই সময়ের কথা স্মরণ করে এরদোয়ান বলেন, গত ২৪ বছরে দলটি প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও নীতি থেকে সরে যায়নি।

তার মতে, ২০০২ সালের নির্বাচন ছিল তুরস্কের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল। ওই নির্বাচনের ফলাফলে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল এবং দেশ পরিচালনায় নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল।

এরদোয়ান বলেন, জনগণের প্রয়োজন পূরণ, সংস্কার কার্যক্রম এবং দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়েই তার দল কাজ করে যাচ্ছে।

১ কোটি ৭০ লাখের বেশি অবসরভোগীর জন্য সুবিধার ঘোষণা

বক্তব্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং অবসরভোগীদের আর্থিক সংকট নিয়েও কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি জানান, আগামী বছরের শুরু হওয়ার আগেই দেশটির ১ কোটি ৭০ লাখের বেশি অবসরভোগীর জন্য আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এরদোয়ান বলেন, ‘সংসদের সহযোগিতায় বছরের শুরু হওয়ার আগেই আমাদের ১ কোটি ৭০ লাখের বেশি অবসরভোগীর জন্য একটি উন্নয়নমূলক সুবিধা কার্যকর করা হবে।’

তিনি আরো বলেন, একে পার্টি ও তাদের জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) জনগণের উদ্বেগ ও প্রত্যাশা পূরণে কাজ চালিয়ে যাবে।

সূত্র: ডেইলি সাবাহ

প্রতিবেশী দেশকে অস্থিতিশীল করে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন ও নতুন পেশায় প্রস্তুত করতে ডিজিটাল প্ল্যাটফর্ম

ইস্তাম্বুলের বিনোদনকেন্দ্রে খেলার ছলে পেশা ও ইতিহাসের পাঠ

কপ সম্মেলন ঘিরে বিশ্বরাজনীতিতে প্রভাব বাড়ানোর চেষ্টা তুরস্কের

যুদ্ধের পরিবেশগত ক্ষতির দায় কে নেবে, প্রশ্ন উঠছে কপ-৩১ সম্মেলনে

লেবাননের প্রেসিডেন্টসহ শীর্ষ ব্যক্তিদের সঙ্গে এরদোয়ানের ছেলের বৈঠক

হঠাৎ কাতার-তুরস্ক প্রতিরক্ষা চুক্তির নেপথ্যে কী

আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন: স্বার্থের ত্রিমুখী সমীকরণে সম্পর্কে নতুন মেরুকরণ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি