হোম > বিশ্ব > তুরস্ক

ধনী দেশগুলোর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, কপ৩১-এ চুক্তি নিয়ে অনিশ্চয়তা

দ্য গার্ডিয়ান

কপ৩১-এ খসড়া নথির দ্বিতীয় সংস্করণ নিয়ে অসন্তুষ্ট আন্দোলনকারীরা প্লেনারি হলের বাইরে নীরব প্রতিবাদ করছেন। ছবি: এএফপি/গেটি ইমেজেস

তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ নির্ধারিত সময় শেষ হলেও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেননি প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা। শুক্রবার সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা থাকলেও মতবিরোধের কারণে আলোচনা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। শনিবারও নতুন সমঝোতার আশায় আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রতিনিধিরা। তবে সম্মেলনের সর্বশেষ পরিস্থিতিতে চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে।

সম্মেলনের দুই সপ্তাহের আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য তৈরি হয়নি। বিশেষ করে চূড়ান্ত চুক্তির দ্বিতীয় খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে সরে আসার কোনো উল্লেখ না থাকায় ক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও পরিবেশবাদীরা।

শনিবার সকালে নতুন খসড়া প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও তা পাওয়া যায়নি। ফলে আলোচনা কোন দিকে এগোচ্ছে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রথম খসড়ার প্রতিশ্রুতি বাদ দ্বিতীয়টিতে

সম্মেলনে এখন পর্যন্ত চুক্তির দুটি খসড়া প্রকাশ করা হয়েছে। প্রথম খসড়ায় বিভিন্ন দেশের প্রস্তাব ও দাবির অনেক কিছুই অন্তর্ভুক্ত ছিল। এতে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে দ্রুত সরে আসার আহ্বান এবং প্যারিস জলবায়ু চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্যমাত্রা অতিক্রমের ঝুঁকি কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছিল।

কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় খসড়াটি আগেরটির তুলনায় প্রায় অর্ধেক ছোট ছিল। এতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি পুরোপুরি বাদ দেওয়া হয়। বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রাও দুর্বল করা হয়। ফলে প্রথম খসড়ায় থাকা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো দ্বিতীয় খসড়ায় জায়গা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন পরিবেশকর্মী ও জলবায়ু আন্দোলনের প্রতিনিধিরা।

সম্মেলনে কয়েকটি দেশ চুক্তির চূড়ান্ত নথিতে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার’ স্পষ্ট অঙ্গীকার ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। পানামা, বেলজিয়াম, আইভরি কোস্ট, ফিনল্যান্ড, গ্রিস, সলোমন দ্বীপপুঞ্জ ও সুইডেন এ দাবিতে সোচ্চার হয়েছে।

পানামার জলবায়ুবিষয়ক মন্ত্রী হুয়ান কার্লোস নাভারো বলেন, জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়া কোনো সম্মেলন বা চূড়ান্ত নথি গ্রহণযোগ্য হতে পারে না। এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার দাবি জানান তিনি।

চুক্তিতে আট শর্ত দিয়েছে পানামা

সম্মেলনের সভাপতিত্বকারী পক্ষের কাছে বৃহস্পতিবার একটি চিঠি পাঠিয়েছে পানামা। এতে চূড়ান্ত চুক্তিতে আটটি শর্ত অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে প্রকৃত স্বচ্ছতা নিশ্চিত করা, আলোচনার নতুন নিয়ম প্রণয়ন এবং তেল উৎপাদনে সীমা নির্ধারণের মতো বিষয়।

পানামা জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হলে চুক্তি আটকে দেওয়ার অবস্থান নিতে পারে দেশটি। দেশটির জলবায়ুমন্ত্রী বলেন, এসব শর্ত তাদের কাছে আলোচনার অযোগ্য বিষয়।

অন্যদিকে সম্মেলনের সভাপতি ও অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন বলেন, আলোচনায় বিভিন্ন দেশের নিজস্ব সীমারেখা ও অবস্থান থাকাটাই স্বাভাবিক। তবে শুক্রবার বিকেলেও তিনি আশা প্রকাশ করেন, আলোচনা থেকে সরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি এবং সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে।

ধনী দেশগুলোর বিরুদ্ধে ক্ষোভ আফ্রিকার

জলবায়ু অর্থায়ন নিয়ে সম্মেলনে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিরোধ তীব্র হয়েছে। আফ্রিকার পাঁচ দেশ—ঘানা, জাম্বিয়া, সেনেগাল, কেনিয়া ও সিয়েরা লিওনের মন্ত্রীরা শুক্রবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যে জলবায়ু সংকট তৈরিতে আফ্রিকার দায় তুলনামূলক কম, সেই সংকটের মূল্য এখন আফ্রিকার মানুষকেই দিতে হচ্ছে।

আফ্রিকার দেশগুলোর দাবি, উন্নত দেশগুলো প্যারিস চুক্তির অধীনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে না। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা ও অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়নে অগ্রগতি না হওয়ায় উন্নয়নশীল দেশগুলো সংকটে পড়ছে।

আফ্রিকার আলোচকগোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের চেয়ার ঘানার জানেটর আগিয়েমান-রলিংস বলেন, আফ্রিকা এমন কোনো ফলাফল মেনে নেবে না, যেখানে শুধু প্রতিশ্রুতি থাকবে, কিন্তু তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ ও সম্পদ থাকবে না। তিনি বলেন, ‘আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি। আমাদের জনগণের জন্য ন্যায্য অধিকার আদায় করতে এসেছি।’

তিনি আরো অভিযোগ করেন, দাসপ্রথা ও ঔপনিবেশিক শোষণের পর এবার কার্বন করের মাধ্যমে আফ্রিকার শিল্পায়ন ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারের পথে বাধা তৈরির চেষ্টা চলছে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু অর্থায়নে তারাই সবচেয়ে বেশি সহায়তা করছে। ইউরোপীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্যদেশগুলো সরকারি উৎস থেকে ৩২৩০ কোটি ইউরো দিয়েছে এবং বেসরকারি খাত থেকে আরও ৯৩০ কোটি ইউরো অর্থায়ন সংগ্রহ করেছে।

১০০ পরিবেশবাদী সংগঠনের কঠোর সমালোচনা

সম্মেলনের চূড়ান্ত খসড়া নিয়ে ক্ষোভ জানিয়ে কপ৩১-এর যৌথ সভাপতি ক্রিস বোয়েন ও মুরাত কুরুমের কাছে চিঠি পাঠিয়েছে ১০০টি পরিবেশবাদী সংগঠন। এতে বলা হয়েছে, আলোচনার বাকি সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন না এলে কপ৩১ জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ইতিহাসে সবচেয়ে হতাশাজনক সম্মেলনগুলোর একটিতে পরিণত হতে পারে।

চিঠিতে সংগঠনগুলো অভিযোগ করেছে, উন্নত দেশগুলো আলোচনায় অগ্রগতি আটকে দিয়েছে এবং নতুন কোনো জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ছাড়াই সম্মেলনে এসেছে। তাদের মতে, চূড়ান্ত খসড়ায় জলবায়ু সংকটের প্রধান কারণ কয়লা, তেল ও গ্যাসের কোনো উল্লেখ না থাকায় তা জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষা করছে।

চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ৩৫০ ডট অর্গ, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক, গ্রিনপিস ইন্টারন্যাশনাল ও ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ)।

সংগঠনগুলো চূড়ান্ত নথি থেকে কার্বন ধারণ ও সংরক্ষণসংক্রান্ত লক্ষ্যমাত্রা বাদ দেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে আদিবাসীদের অধিকার সুরক্ষার অঙ্গীকার ফিরিয়ে আনা, উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের দায়বদ্ধতা নিশ্চিত করা এবং জলবায়ু সুরক্ষায় রাষ্ট্রগুলোর দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামনকে স্বাগত জানানোর আহ্বান জানিয়েছে তারা।

তাদের মতে, নবায়নযোগ্য জ্বালানির সঙ্গে সরাসরি সম্পর্ক না রেখে বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে বিদ্যুতের চাহিদা বাড়লেও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে না।

কার্বন ধারণ প্রযুক্তি নিয়ে বিতর্ক

চূড়ান্ত চুক্তিতে কার্বন ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তির (সিসিইউএস) উল্লেখ রাখার বিষয়টি নিয়েও বিতর্ক চলছে। সৌদি আরবসহ কয়েকটি দেশ এ প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের যুক্তি, এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ কমানো এবং ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্যমাত্রা অতিক্রমের ঝুঁকি সীমিত করা সম্ভব।

তবে জলবায়ু বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, এ প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হলে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার অব্যাহত রাখার সুযোগ তৈরি হবে। ক্লাইমেট অ্যানালিটিকসের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ নিল গ্রান্টের মতে, জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোই চূড়ান্ত নথিতে এ প্রযুক্তির উল্লেখ রাখতে চাইছে।

চীনের বিদ্যুতায়ন উদ্যোগে সমর্থনের ইঙ্গিত

সম্মেলনে চীন কপ৩১ সভাপতির প্রধান বিদ্যুতায়ন উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় বিদ্যুতের চাহিদা বাড়লেও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে না।

এদিকে গত বছরের কপ৩০ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে যে রোডম্যাপ নেওয়ার কথা ছিল, তা এগিয়ে নেওয়ারও দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। তাদের প্রস্তাব, কপ৩০ ও কপ৩২-এর সভাপতিদের নেতৃত্বে এ বিষয়ে আলাদা সংলাপ চালানো হোক।

চূড়ান্ত সিদ্ধান্তে ঐকমত্যের প্রয়োজন

কপ সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐকমত্য প্রয়োজন। তবে জাতিসংঘের জলবায়ু কাঠামো সনদের আওতায় ঐকমত্য বলতে প্রতিটি দেশের একমত হওয়াকে বোঝায় না। আলোচনার পর অধিকাংশ পক্ষের কাছে সিদ্ধান্তটি গ্রহণযোগ্য মনে হলে এবং কোনো দেশের আপত্তি সামগ্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণের পথে বাধা না হলে তা অনুমোদন করা সম্ভব।

সম্মেলনের অভিজ্ঞ ব্যক্তিদের মতে, কোনো একটি দেশের এককভাবে পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার ক্ষমতা নেই। অতীতে কয়েকটি সম্মেলনে অল্পসংখ্যক দেশ আপত্তি জানালেও শেষ পর্যন্ত চুক্তি গৃহীত হয়েছে। ২০১৫ সালের প্যারিস সম্মেলন এবং ২০২৪ সালের বাকু সম্মেলনেও শেষ মুহূর্তে আপত্তি সত্ত্বেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় সমঝোতার জন্য অনেক সময় গুরুত্বপূর্ণ ভাষা ও প্রতিশ্রুতি দুর্বল হয়ে পড়ে। এ কারণে জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ চাওয়া দেশগুলো হতাশা প্রকাশ করছে।

শনিবারের সর্বশেষ পরিস্থিতিতে সম্মেলনের নতুন খসড়া প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রতিনিধিরা। তবে জীবাশ্ম জ্বালানি, জলবায়ু অর্থায়ন ও ন্যায্য রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে মতপার্থক্য দূর না হলে কপ৩১ শেষ পর্যন্ত অর্থবহ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

মুসলিম বিশ্বের আত্মসমালোচনা করা উচিত: এরদোয়ান

প্রতিবেশী দেশকে অস্থিতিশীল করে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন ও নতুন পেশায় প্রস্তুত করতে ডিজিটাল প্ল্যাটফর্ম

ইস্তাম্বুলের বিনোদনকেন্দ্রে খেলার ছলে পেশা ও ইতিহাসের পাঠ

কপ সম্মেলন ঘিরে বিশ্বরাজনীতিতে প্রভাব বাড়ানোর চেষ্টা তুরস্কের

যুদ্ধের পরিবেশগত ক্ষতির দায় কে নেবে, প্রশ্ন উঠছে কপ-৩১ সম্মেলনে

লেবাননের প্রেসিডেন্টসহ শীর্ষ ব্যক্তিদের সঙ্গে এরদোয়ানের ছেলের বৈঠক

হঠাৎ কাতার-তুরস্ক প্রতিরক্ষা চুক্তির নেপথ্যে কী

আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন: স্বার্থের ত্রিমুখী সমীকরণে সম্পর্কে নতুন মেরুকরণ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান