হোম > বিশ্ব > তুরস্ক

কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন ও নতুন পেশায় প্রস্তুত করতে ডিজিটাল প্ল্যাটফর্ম

আমার দেশ অনলাইন

একজন শিক্ষার্থী ল্যাপটপ ও নোটবুক ব্যবহার করে পড়াশোনা করছে। ছবি-শাটারস্টক

কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন ও নতুন পেশার জন্য প্রস্তুত করতে চালু করা তুরস্কের ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মে এ বছর আবেদন করেছেন প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ। এর মধ্যে প্রায় ৫৫ হাজার মানুষ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষা কাউন্সিলের (ইওকে) প্রধান এরোল ওজভার।

সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানায় তুরস্কের উচ্চশিক্ষা কাউন্সিল। দেশটির আহি এভরান বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্মের নতুন শিক্ষাবর্ষের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন ওজভার।

তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কর্মীদের বর্তমানে থাকা প্রায় ৪০ শতাংশ দক্ষতা পরিবর্তিত হয়ে যাবে অথবা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এ পরিস্থিতিতে নিয়মিত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন আর ঐচ্ছিক বিষয় নয়, বরং সময়ের দাবি।

ওজভারের ভাষ্য, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনযাত্রা, কাজের ধরন, উৎপাদনব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে তথ্য তৈরি, ব্যবহার ও বিনিময়ের পদ্ধতি দ্রুত বদলে যাচ্ছে।

এর প্রভাব পড়ছে পেশা ও শ্রমবাজারেও। কিছু প্রচলিত পেশার গুরুত্ব কমে যাচ্ছে, আবার নতুন নতুন বিশেষায়িত কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। একই সঙ্গে বিদ্যমান চাকরিগুলোতেও প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার ধরন পরিবর্তিত হচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতা এখন আর পুরো কর্মজীবনের জন্য যথেষ্ট নয়। শুধু শিক্ষার্থী নয়, দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন প্রকৌশলী, শিক্ষক, চিকিৎসক ও সরকারি কর্মকর্তাদেরও নতুন দক্ষতা অর্জন করতে হবে।

প্রথম উদ্যোগে ব্যাপক সাড়া

ওজভার জানান, গত বছর চালু হওয়া ‘ডেটা অ্যানালাইসিস স্কুল’ ছিল এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। প্রথম বছরেই কর্মসূচিটিতে ব্যাপক সাড়া পাওয়া যায়। শুরুতে ১ লাখ ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় ৩০ হাজার সক্রিয় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিচালনায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণকারীদের সন্তুষ্টির হার ছিল ৮৬ শতাংশ। এই সাফল্যই উদ্যোগটি আরো বিস্তৃত করার উৎসাহ জুগিয়েছে বলে জানান ওজভার।

চলতি বছর প্ল্যাটফর্মটিতে আবেদনকারীর সংখ্যা বেড়ে প্রায় ২ লাখ ৩০ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে প্রায় ৫৫ হাজার মানুষ প্রশিক্ষণ কর্মসূচির সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

ওজভার বলেন, আবেদন ও অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে, এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্ল্যাটফর্মটিকে শুধু নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরির কর্মসূচি হিসেবে দেখছে না সরকার। বরং শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী—সমাজের সব শ্রেণির মানুষের জন্য আধুনিক সময়ের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই এর মূল লক্ষ্য।

তার মতে, এসব প্রশিক্ষণ নতুন পেশায় প্রবেশের প্রস্তুতি নিতে সহায়তা করবে। পাশাপাশি যারা বর্তমানে কোনো পেশায় নিয়োজিত, তারাও নিজেদের কাজ আরও দক্ষতা ও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবেন।

বয়স ও পেশার সীমা ছাড়িয়ে শিক্ষার সুযোগ

ডিজিটাল প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে ভৌগোলিক ও বয়সভিত্তিক অনেক বাধা দূর করছে বলে মন্তব্য করেন ওজভার। এখন মানুষ নিজের শহর ছেড়ে না গিয়েও কিংবা চাকরি বন্ধ না রেখেও নতুন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারছে। ফলে শিক্ষা ক্রমেই নির্দিষ্ট স্থান ও বয়সের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে।

তুরস্কের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সাজানো হচ্ছে বলেও জানান তিনি। প্রযুক্তির নতুন সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার বিকল্প ও আধুনিক পদ্ধতি গড়ে তোলাই এর লক্ষ্য।

প্ল্যাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য হলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক জ্ঞান ও অভিজ্ঞতাকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে নিয়ে আসা। এতে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী, বিভিন্ন পেশার কর্মী এবং নানা শ্রেণির মানুষ প্রশিক্ষণের সুযোগ পাবেন।

ওজভার আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের মধ্যে জীবনব্যাপী শেখার সংস্কৃতি গড়ে উঠবে এবং পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন সহজ হবে।

সূত্র: ডেইলি সাবাহ

ইস্তাম্বুলের বিনোদনকেন্দ্রে খেলার ছলে পেশা ও ইতিহাসের পাঠ

কপ সম্মেলন ঘিরে বিশ্বরাজনীতিতে প্রভাব বাড়ানোর চেষ্টা তুরস্কের

যুদ্ধের পরিবেশগত ক্ষতির দায় কে নেবে, প্রশ্ন উঠছে কপ-৩১ সম্মেলনে

লেবাননের প্রেসিডেন্টসহ শীর্ষ ব্যক্তিদের সঙ্গে এরদোয়ানের ছেলের বৈঠক

হঠাৎ কাতার-তুরস্ক প্রতিরক্ষা চুক্তির নেপথ্যে কী

আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন: স্বার্থের ত্রিমুখী সমীকরণে সম্পর্কে নতুন মেরুকরণ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬

ওমরাহযাত্রীদের নিয়ে দোয়া-দরুদ পড়ার সময় ইহরামেই মৃত্যু ইমাম আবদুল্লাহর