ব্রিটেনের জন্য যুদ্ধ করতে কোনো পরিস্থিতিতেই রাজি নন দেশটির প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক নাগরিক। বৃহস্পতিবার প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। রাশিয়া, চীন ও ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়লেও যুদ্ধে অংশ নিতে অনিচ্ছুক মানুষের এই হার ২০২৫ সালের এপ্রিলের পর থেকে অপরিবর্তিত রয়েছে। খবর আনাদোলুর।
ইপসোস পরিচালিত জরিপে ১ হাজার ৯০ জন ব্রিটিশ প্রাপ্তবয়স্ক অংশ নেন। গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত তাদের মতামত নেওয়া হয়।
জরিপে দেখা গেছে, ব্রিটেনের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পক্ষে সমর্থন থাকলেও দেশটির জন্য সরাসরি যুদ্ধে অংশ নিতে আগ্রহী নন প্রায় অর্ধেক উত্তরদাতা। অর্থাৎ, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সমর্থন থাকলেও তা যুদ্ধের ময়দানে যাওয়ার ইচ্ছার সঙ্গে মিলছে না।
প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পক্ষে থাকা ব্যক্তিদের মধ্যে এ খরচ কীভাবে মেটানো হবে, তা নিয়ে মতভেদ রয়েছে। তাঁদের ৩৭ শতাংশ অন্য খাতের সরকারি ব্যয় কমিয়ে অর্থের জোগান দেওয়ার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, ৩৬ শতাংশ নিজেদের দেওয়া কর বাড়ানোর পক্ষে সমর্থন জানিয়েছেন। স্কাই নিউজ জরিপের তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।
তবে, প্রতিরক্ষা খাতে বাড়তি অর্থ সংগ্রহের উপায় হিসেবে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে বছরে ১ লাখ ২৫ হাজার পাউন্ডের বেশি আয় করা ব্যক্তিদের আয়কর বাড়ানোর প্রস্তাব। জরিপে অংশগ্রহণকারীদের ৪৬ শতাংশ এ প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন।
এমএমআর