কর্মপরিবেশ নিয়ে বিরোধের জেরে এক দিনের ধর্মঘট শুরু করেছেন যুক্তরাজ্যের লন্ডন আন্ডারগ্রাউন্ডের (টিউব) চালকরা। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে লন্ডনে বড় ধরনের যাতায়াত বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে।
রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (আরএমটি) ইউনিয়নের সদস্য চালকরা ২৪ ঘণ্টার এ ধর্মঘটে অংশ নিয়েছেন। ধারাবাহিক কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে এটিই প্রথম ধর্মঘট।
বুধবার ইউনিয়নটি জানায়, কর্মপরিবেশসংক্রান্ত বিরোধের সমাধান না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট শুরু হচ্ছে। ইউনিয়নের অভিযোগ, নতুন কর্মব্যবস্থা চালুর পরিকল্পনা বিদ্যমান চুক্তি ও সমঝোতা দুর্বল করার পাশাপাশি কর্মপরিবেশ আরো খারাপ করবে।
আরএমটির দাবি, প্রস্তাবিত ব্যবস্থায় চালকদের ট্রেন চালানোর সময় বাড়বে, দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হবে এবং আগের তুলনায় আরো সকালে কাজে যোগ দিতে ও দেরিতে দায়িত্ব শেষ করতে হবে। এ ছাড়া স্বল্প নোটিশে ডিউটি পরিবর্তন এবং দায়িত্ব বদল ও বার্ষিক ছুটির বিদ্যমান সুবিধা সংকুচিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইউনিয়নের বিবৃতিতে সাধারণ সম্পাদক এডি ডেম্পসি বলেন, কোনো চালক যাতে নতুন ব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে বারবার নিশ্চয়তা চাওয়া হয়েছে। কিন্তু লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষ সেই নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।
ইউনিয়নটি জানিয়েছে, আগামী ১৭ ও ১৯ ডিসেম্বর, ৪ ও ৬ জানুয়ারি এবং ১৭, ২৩ ও ২৫ ফেব্রুয়ারি আরো ধর্মঘট পালনের পরিকল্পনা রয়েছে।