ব্রিটেনের পার্লামেন্ট সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিনামূল্যের উপহার ও বিলাসবহুল আতিথেয়তা গ্রহণের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। একই সময়ে রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজের আর্থিক অনুদান ও উপহারের বিষয়েও তদন্তের প্রস্তুতি চলছে। ফারাজের আর্থিক কর্মকাণ্ড নিয়ে জবাবদিহি নিশ্চিত করতে হলে ব্রিটিশ এমপিদের নিজেদের আচরণ ও আর্থিক স্বচ্ছতার মানও কঠোর করতে হবে। দ্য গার্ডিয়ানের এক মতামতধর্মী নিবন্ধে লেখক ফ্রান্সেস রায়ান এসব তথ্য জানান।
২০২৬ সালে এখন পর্যন্ত ব্রিটিশ এমপিরা কনসার্ট, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে প্রায় ৪ লাখ পাউন্ডের বিনামূল্যের টিকিট ও আতিথেয়তা পেয়েছেন। এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং লয়েডস ব্যাংকিং গ্রুপের দেওয়া ১ হাজার ৮৩৯ পাউন্ড মূল্যের চেলসি ফ্লাওয়ার শোর টিকিট পেয়েছেন। লেবার পার্টির ডেপুটি নেতা ও শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল পেয়েছেন ৮৫৮ পাউন্ড মূল্যের হ্যারি স্টাইলসের কনসার্টের টিকিট। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনকও পেয়েছেন ১ হাজার ৩৬০ পাউন্ড মূল্যের উইম্বলডনের টিকিট।
এসব সুবিধার বড় অংশ যখন ব্যাংক, বেটিং বা অন্যান্য বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে আসে, তখন বিষয়টি আরও বেশি প্রশ্ন তৈরি করে। জীবনযাত্রার ব্যয় নিয়ে সাধারণ মানুষ যখন চাপের মধ্যে রয়েছে, তখন নির্বাচিত জনপ্রতিনিধিদের বিনামূল্যে ব্যয়বহুল অনুষ্ঠান উপভোগ করা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে তিনি মনে করেন। তাঁর যুক্তি, জনগণ এমপিদের বিনোদন উপভোগের বিরোধী নয়; বরং তারা চান জনপ্রতিনিধিরা নিজেদের টিকিটের খরচ নিজেরাই বহন করুন।
এদিকে নাইজেল ফারাজের আর্থিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন আরও গুরুতর। ফারাজের পাওয়া অর্থ ও উপহারের মধ্যে ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী ক্রিস্টোফার হারবোর্নের কাছ থেকে প্রায় ৫ মিলিয়ন পাউন্ডের অর্থ এবং দণ্ডিত প্রতারক জর্জ কট্রেলের কাছ থেকে পাওয়া আর্থিক সহায়তার বিষয় রয়েছে। ফারাজের আর্থিক লেনদেন নিয়ে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কর্তৃপক্ষের তদন্তও রয়েছে।
কট্রেলের অর্থের বিষয়ে ফারাজ যে নতুন করে একটি তদন্ত শুরু হয়েছে বলে দাবি করেছিলেন, সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কি না তা স্পষ্ট নয়। আগে থেকেই হারবোর্নের ৫ মিলিয়ন পাউন্ডের অনুদান নিয়ে একটি তদন্ত চলছিল, যা ফারাজের ক্ল্যাকটন আসনের উপনির্বাচনের সময় সাময়িকভাবে স্থগিত হয়েছিল।
একজন রাজনীতিকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তাকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা তখনই বিশ্বাসযোগ্য হবে, যখন অন্য এমপিরাও অর্থ, উপহার ও আতিথেয়তার বিষয়ে কঠোর স্বচ্ছতা বজায় রাখবেন। জনগণের কাছে যদি এমন ধারণা তৈরি হয় যে সব রাজনীতিকই ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেন, তাহলে দুর্নীতি বা স্বজনপ্রীতির মতো গুরুতর অভিযোগও মানুষের কাছে স্বাভাবিক বলে মনে হতে পারে।
এমপিদের বিনামূল্যের আতিথেয়তা গ্রহণের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ থাকা উচিত এবং তা মূলত নিজ নিজ নির্বাচনী এলাকার সঙ্গে সরাসরি সম্পর্কিত অনুষ্ঠানেই সীমিত রাখা উচিত। রাজনীতিতে জনগণের আস্থা পুনর্গঠনের জন্য শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জবাবদিহির আওতায় আনা নয়, নিজেদের আচরণেও উচ্চ মানদণ্ড প্রতিষ্ঠা করা জরুরি।