অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

দশমিনায় শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দশমিনায় শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ছবি: আমার দেশ

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট বিবি আয়েশা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের ওপর শারীরিক নির্যাতন ও মব ভায়োলেন্সের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঠাকুরেরহাট এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. রিপন মৃধা, মো. মনিরুজ্জামান শাহীন, মো. শহিদুল ইসলাম এবং বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুজ্জামান মৃধা।

আহত শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আমি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছি। তার পরও আমার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুলসুম বেগমের স্বামী জামাল বেপারী বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন শিক্ষকের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, ঘটনার তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ফৌজদারি বিষয়টি তদন্তের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন