চার দিন পরও অচল এলএনজি টার্মিনাল, চট্টগ্রামসহ দেশে গ্যাসের তীব্র সংকট

চার দিন পরও অচল এলএনজি টার্মিনাল, চট্টগ্রামসহ দেশে গ্যাসের তীব্র সংকট
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল। ছবি: সংগৃহীত।

কক্সবাজারের মহেশখালীতে অ্যাক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) চার দিন ধরে অচল থাকায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্স সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়েছে। পাশাপাশি গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলোও উৎপাদন স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে।

বিজ্ঞাপন

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পেট্রোবাংলা জানিয়েছে, এফএসআরইউতে আগুন ও কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট কারণ এখনো শনাক্ত করা যায়নি। ক্ষতিগ্রস্ত টার্মিনালটি মেরামতে দেশি-বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরলসভাবে কাজ চলছে। তবে মেরামত শেষে কবে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানাতে পারেনি সংস্থাটি।

পেট্রোবাংলা সাময়িক এ দুর্ভোগের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, যত দ্রুত সম্ভব মেরামতের কাজ শেষ করে গ্যাস সরবরাহ পুনরায় চালুর চেষ্টা চলছে।

এলএনজি টার্মিনালটি বন্ধ থাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রাম অঞ্চলে। নগরীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক পাম্পে সরবরাহ বন্ধ রয়েছে, আবার কোথাও সীমিত আকারে চলছে। এতে যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

একই সঙ্গে গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলোতেও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ এমএমসিএফডি। কিন্তু এফএসআরইউটি বন্ধ থাকায় জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাসের সরবরাহ কমে গেছে। এতে সামগ্রিক গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।

বর্তমানে বাংলাদেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) রয়েছে। এ দুটি টার্মিনাল থেকে প্রতিদিন জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ৯৭০ এমএমসিএফডি এলএনজি সরবরাহ করা হয়, যা দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৭ শতাংশ।

বিবৃতিতে আরও বলা হয়, অ্যাক্সিলারেট এনার্জির এফএসআরইউর কারিগরি ত্রুটি দ্রুত সমাধানে দেশি-বিদেশি টেকনিক্যাল টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। মেরামত শেষ হলেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...