চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেলো ভাইবোনসহ তিনজনের

প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম)

চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেলো ভাইবোনসহ তিনজনের

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী পৌরসভা সদরে চট্টগ্রামমুখী পূরবী বাসের চাপায় দুই স্কুলশিক্ষার্থী ও অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন। তারা দোহাজারীর জামিজুরির নিবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের সন্তান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী পূরবী বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই স্কুলশিক্ষার্থী ও অটোচালক নিহত হন।

নিহত দুই শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়তো। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভাইয়ের নাম ওয়াকার উদ্দীন আদিল (১২), বোনের নাম উম্মে হাবিবা রিজভী (১৭)। নিহত রিকশাচালকের নাম রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক।

এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনী এসে দাবি পূরণের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন