যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় আলো

বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী’ কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। তার দাবি, একদিকে পতিত ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে বিরোধী দলের একটি অংশ বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।

বুধবার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে র‍্যালির আগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মাহবুব আলমগীর আলো বলেন, ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী মিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আমাদের একদিকে পতিত ফ্যাসিস্টদের মোকাবিলা করতে হচ্ছে, অন্যদিকে বট বাহিনী, অর্থাৎ যারা বিরোধী দলে আছে, তারা বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপি ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। জেল-জুলুম, মিথ্যা মামলা ও হুলিয়া মাথায় নিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় এনেছে।

আলোচনা সভায় জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ বলেন, বিগত সরকারের আমলে যুবদলের অনেক নেতাকর্মী নিহত ও গুমের শিকার হয়েছেন। অনেকে নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং নির্যাতিত ব্যক্তিদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

হারুনুর রশিদ আজাদ আরো বলেন, বিএনপি সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। আগামী দিনে যুবদলকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় যুবদল ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি দখল, জবরদখল, চাঁদাবাজিসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সংগঠনটি প্রস্তুত।

তিনি আরও বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির ভিত্তিতে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র গঠনে যুবদল কাজ করে যাচ্ছে।

মনজুরুল আজিম সুমনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপি নেতা ফিরোজ আলম মতিন, শহিদুল ইসলাম কিরন, জসিম উদ্দিন ও ওমর ফারুক টপি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি মহিন উদ্দিন মহিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভী, শহর যুবদলের সাবেক সভাপতি জিএস হারুন, উপজেলা যুবদলের সদস্যসচিব ইসমাইল হোসেন হিরন,পৌর যুবদলের সদস্যসচিব মোস্তাক আহমেদ স্বপন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী ও সাবেক ছাত্রদল নেতা সিরাজুল ইসলামসহ অন্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন