জোরারগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

জোরারগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার জোরারগঞ্জ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত পৃথক অভিযানে বিভিন্ন মামলার সন্দেহভাজন হিসেবে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন— সাকিব উদ্দিন (২০), মেহেদী হাসান (২২), মঈন উদ্দিন (১৯), জাহিদুল আলম ভূঁইয়া (৪৪), নজরুল ইসলাম জীবন (২৮) এবং আইনুল ইসলাম লিমন (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব উদ্দিন, মেহেদী হাসান ও মঈন উদ্দিনকে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, আরেকটি মামলার সন্দেহভাজন আসামি জাহিদুল আলম ভূঁইয়াকে বারইয়ারহাট বাজার এলাকা থেকে আটক করা হয়।

এছাড়া মুহুরী প্রজেক্ট এলাকা থেকে নজরুল ইসলাম জীবন এবং বারইয়ারহাট বাজারের মস্কো বেকার্সের সামনে থেকে আইনুল ইসলাম লিমনকে গ্রেপ্তার করে পুলিশ।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “অপরাধ দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন