ফেসবুকে জানালেন সন্ত্রাসী রায়হান

চট্টগ্রামে ‘কলেজ ছাত্র তপু খুন হচ্ছেন!’

চট্টগ্রামে ‘কলেজ ছাত্র তপু খুন হচ্ছেন!’
তপু মোস্তফা। ছবি: আমার দেশ

‘তপু মোস্তফা নামে এক ছেলে খুন হচ্ছেন।’ চট্টগ্রামের রাউজানে এক তরুণ নিখোঁজ হওয়ার দাবি করে সামাজিক মাধ্যমে এমন পোস্ট দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী রায়হান আলম। তার দাবি, তপু নামের ওই তরুণকে রাউজান পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তুলে নিয়ে গেছে ‘ডাকাত আলম’ ও ‘আজিজ বাহিনী’র লোকজন। পরে তাকে হত্যা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রায়হান।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ধারাবাহিক দুটি ফেসবুক পোস্টে রায়হান এসব দাবি করেন। তার পোস্ট অনুযায়ী, তপু তার এলাকার ছোট ভাই এবং কলেজের ছাত্র। তাকে তুলে নেওয়ার পর বিভিন্ন কথা বলে মারধর করা হয়েছে এবং তাকে দিয়ে রায়হানকে মামলায় ফাঁসানোর জন্য ফেসবুকে পোস্ট করানো হচ্ছে।

বিজ্ঞাপন

তবে তপুকে কারা তুলে নিয়ে গেছে, তিনি কোথায় আছেন এবং তার সঙ্গে কী ঘটেছে-এসব বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। রায়হানের পোস্টেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

রাত হওয়ায় তপুর পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জানতে চাইলে রাউজান থানার ওসি সাইফুইল ইসলাম আমার দেশকে রাত ২টার দিকে বলেন, তপু নামে একজন কিশোর গ্যাং লিডার আছে। তার নিখোঁজের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।

উল্লেখ্য, রাউজানের জানে আলম ওরফে ডাকাত আলম ও আজিজ দুজনই রায়হানের প্রতিপক্ষ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন