ঈদের দিনে গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ২৫ বাসযাত্রী। তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের সবার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায় এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
ঘটনার পরপর স্থানীয় এমপি, ডিসি ও এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চিতলমারী থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়।
ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী এবং বাসের দুই যাত্রী নিহত হয়। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত ৬ বছরের শিশুকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘেষণা করেন।
নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), একই গ্রামের মাহাবুব শেখের ছেলে সইব শেখ (১৯)। দুই বন্ধু চিতলমারী থেকে মোটরসাইকেলযোগে মাদারীপুরের কদমবাড়ী গ্রামে গণেশ পাগলের মেলায় যাচ্ছিলেন বলে জানা গেছে। নিহত অন্য তিনজন হলো একই পরিবারের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মো. সোহাগ, স্ত্রী খাদিজা খাতুন (৩২) ও ছেলে আরমান (৮)।
পুলিশ সুপার হাবীবুল্লাহ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফ উজজামান বলেন, খবর শোনার পর ঘটনাস্থলে গিয়ে হতাহতদের হাসপাতালে আনা ও চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে যদি কেউ বেশি অসুস্থ থাকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আর দুর্ঘটনার কারণ হিসেবে দ্রুতগতি বলে জানতে পেরেছি। এই বিষয়ে বাস কর্তৃপক্ষের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আর লাশ দাফন জন্য প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।
গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর বলেন, ‘ঈদের দিনে এ ধরনের দর্ঘটনা কারোরই কাম্য নয়। যেসব কারণে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে ,তার অন্যতম কারণ হলো ওভারটেকিং ও বেশি গতিতে গাড়ি চালানো। আমরা এসব বিষয়ে কাজ করব।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

