গাজীপুরের টঙ্গী নতুনবাজার এলাকায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। দুর্নীতিবাজ, অত্যাচারী, লম্পট ও নারী লোভী নির্বাহী পরিচালকের অপসারণের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেন। এ সময় মৈত্রী শিল্পের প্রধান ফটকে উত্তেজিত ১৬০ জন শ্রমিক-কর্মচারীরা এক মানববন্ধনে মিলিত হন।
এ সময় বিক্ষুব্ধ ‘সকল নির্যাতিত শ্রমিক, এক হও লড়াই কর; প্রতিবন্ধীদের হাতের গড়া মৈত্রী শিল্প রক্ষা করা’ বিভিন্ন স্লােগানে কারখানা এলাকা মুখর করে তুলে।
মানববন্ধনে বক্তব্য দেন মৈত্রী শিল্পের কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ অশিউর রহমান, রিয়াজ উদ্দিন, আসাদুল হক, কাইয়ুম হোসেন খান, কামরুন নাহার শান্তা, ফারজানা আক্তার দীপ্তি, তানজিলা চৌধুরী, রোমানা আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মৈত্রী শিল্পে আমরা দীর্ঘদিন যাব সম্মানের সাথে চাকরি করে আসছি। বর্তমান শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান যোগদানের পর থেকে যাকে তাকে শোকজ, দুর্ব্যবহার, মানসিক নির্যাতন, নারী কর্মচারী ও শ্রমিকদের কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার কথায় সায় না দিলে ঠুনকো অজুহাতে বদলি করে দিচ্ছেন। তার অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে অনতিবিলম্বে অপসারণের দাবিতে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন ও মানববন্ধন করছি। লম্পট ও নারী লোভী নির্বাহী পরিচালককে অপসারণ করা না হলে আমরা কাজে যোগদান করব না।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য টঙ্গী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমানের কার্যালয়ে গিয়ে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। তাকে মুঠোফোন কল করেও পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

