বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরের ভরতেরকান্দি এলাকায় পারিবারিক বিরোধের জেরে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে শিবপুর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান, শাকিল চৌধুরী তার বাবাকে ছুরিকাঘাত করছেন। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যান শাকিল। এতে ঘটনাস্থলেই আব্দুল বাছেদ মারা যান। নিহত বাছেদ মিয়া পেশায় কবিরাজ ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে বাবাকে নৃশংসভাবে হত্যা করেন।

ঘটনার পর অপর ছেলে নুরুন্নবী রাশেদ বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শিবপুর মডেল থানা পুলিশ ও জেলা পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার রাতে গাজীপুরের পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, হত্যায় ব্যবহৃত রক্তাক্ত ছুরিটি নিহত বাছেদ মিয়ার পেট থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল অভিযুক্ত শাকিলের শয়নকক্ষ থেকে জব্দ করা হয়েছে। পারিবারিক বিরোধের সঠিক সূত্রপাত ও হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন