নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ভাড়া বাসা থেকে অবরুদ্ধ অবস্থায় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে আটক করেছে পুলিশ। এ সময় জয় বাংলা স্লোগান দেয়ায় তুশিকে জুতা ছুড়ে মারে উত্তেজিত জনতা। শনিবার রাতে ফতুল্লার কাশিপুরের ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে আটক করা হয় তাকে।
রজনী আক্তার তুশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টায় কাশিপুর ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়িতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছে, এমন সংবাদে এলাকাবাসীসহ বিএনপির নেতাকর্মীরা ওই বাড়ি অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে রজনী আক্তার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় উত্তেজিত জনতা তাকে জুতা ছুড়ে মারে ও ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়।
এ সময় তুশি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি থানায় যাবো। আমাকে কেন মবের শিকার হতে হলো।’ পরে পুলিশ তাকে সদর মডেল থানায় নিয়ে যায়। যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে মারধর করার চেষ্টা করে।
জানা গেছে, তিন মাস ধরে রুবেল মিয়ার বাড়িতে তুশি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। ওই এলাকার তার এক আত্মীয় বসবাস করে। তিনি তাকে বাসা ভাড়া করে দেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নাসির আহমেদ বলেন, তুশিকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
তুশির কাছ থেকে কোনও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, কোনও মাদক উদ্ধার হয়নি। শুধু তাকে আটক করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

