আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি ঈমানের পরিপন্থী

স্টাফ রিপোর্টার

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি ঈমানের পরিপন্থী

খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল বলেছেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে যারা মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন তারা মহানবী (সা.) এর ন্যায়পরায়ণতাকে মানেন না। তাদের ঈমান পূর্ণাঙ্গ নয়। যারা যানবাহনের চাঁদাবাজিকে আপোষে লেনদেন বলছেন, তারা কীভাবে লাগামহীন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করবেন?

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণের জীবনযাত্রার ব্যয় আজ ঊর্ধ্বমুখী। খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে গত কয়েক দিনে। ক্ষমতাসীন হওয়ার পরপরই সরকারি দলের কিছু ব্যক্তির জুলাই সনদ ও গণভোট নিয়ে নেতিবাচরক মন্তব্য জনরায়ের প্রতি বিদ্রুপের শামিল। আমরা নবগঠিত সরকারকে জনগণের পালস বুঝার আহ্বান জানাচ্ছি। জনরায়ের প্রতি সম্মান প্রদর্শন প্রত্যাশা করছি।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণ শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল।

এ সময় বক্তারা দাবি জানিয়ে বলেন, রমজানের পবিত্রতার রক্ষার স্বার্থে নাটক-সিনেমা ও বিজ্ঞাপন সহ সকল ক্ষেত্রে অশ্লীলতা রোধ করতে হবে। শ্রমিকদের কর্মঘণ্টা কমিয়ে রোজা পালনের সুযোগ সৃষ্টি করতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য আরো সুলভে সরবরাহ করতে হবে।

দলের মহানগরীর সাধারণ সম্পাদক মো আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মল্লিক মোহাম্মদ কেতাব আলী, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, মাওলানা ড. মারুফ বিল্লাহ, মো: শাহাবুদ্দিন, মুহাম্মদ গিয়াস উদ্দিন, এনায়েত রাব্বি একরাম, ছাত্র মজলিস মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন