মাদারীপুর জেলার শিবচর উপজেলায় প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মনোকষ্টে এবং প্রেমিকাকে ফিরিয়ে আনতে ৪০০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফ দেওয়ার পরিকল্পনা করেন হাসান শিকদার (২২) নামে এক ব্যর্থ প্রেমিক। আত্মহত্যার জন্য ৪৬০ ফুট উচ্চতার এক বৈদ্যুতিক টাওয়ারের ওপর ওঠেন তিনি। খবর পেয়ে হাসানের এক বন্ধু, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন কৌশলে তাকে বুঝিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। হাসান শিকদার শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে।
জানা গেছে, প্রেমিক হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান রোরবার রাতে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়িসংলগ্ন আনুমানিক ৪৬০ ফুট উচুঁ একটি বৈদ্যুতিক টাওয়ারের ওপরে উঠে পড়েন। টাওয়ারে উঠে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করেন। তা না হলে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারের ওপরে বন্ধুর কাছে পৌঁছে হাসানকে নিচে নামতে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতে থাকেন। এদিকে এ ঘটনার খবর পেয়ে শিবচর থানার পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন এবং হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে অনুরোধ করেন।
এভাবে দীর্ঘ সময় পর রাত ১১টার দিকে হাসানকে নিয়ে তার বন্ধু নিচে নেমে আসেন। পরে পুলিশ স্থানীয় জনরোষ থেকে কঠোর নিরাপত্তায় হাসানকে শিবচর থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে হাসান উচুঁ টাওয়ারে ওঠার পর থেকেই টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভিড় জমে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ওই যুবককে উঁচু টাওয়ারে উঠতে দেখে লোকজন ভিড় করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর আমরা বুঝতে পারি, প্রেম টিকিয়ে রাখতে এই কৌশল নিয়েছে ওই যুবক!
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে চার ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে হাসান নামের যুবককে টাওয়ারের উচুঁ থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

