গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে কালিয়াকৈরে মামলা

গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে কালিয়াকৈরে মামলা

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত মোহাম্মদ রায়হানের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে অভিযুক্ত রায়হান মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক বলে দাবি করেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালী এলাকায় এক মৎস্য খামারের দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে রায়হানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার বিস্তারিত অভিযোগ ও ধারাসমূহ সম্পর্কে পুলিশ তদন্ত করছে।

মামলার বিষয়ে হাসনাত মোহাম্মদ রায়হান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করব।’

মদনখালী এলাকার বাসিন্দা ইয়াছিন মাতব্বর দাবি করেন, রায়হানকে হয়রানির উদ্দেশ্যেই স্থানীয় আওয়ামী লীগের নেতা বাদল হোসেন মামলাটি করেন।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বাবু অরুণ প্রসাদ মজুমদার বলেন, ‘রায়হান একজন ত্যাগী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার কারাবরণ করেছেন।’

ওসি সহিদুল ইসলাম জানান, মামলার বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন