প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
রাজা ওরফে পিচ্চি রাজা

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পলায়নের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি পলায়নের ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ দায়িত্বে থাকা পুলিশের বিভিন্ন স্তরের পাঁচজন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি উপকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার আদালতে হাজিরার জন্য রোববার সকালে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। হাজিরা শেষে বিকেলে তাকে পুনরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে আনা হচ্ছিল। পথে প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার কথা জানায়। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, আদালতে হাজিরা শেষে আসামিকে কারাগারে ফিরিয়ে আনার পথেই নাওজোর এলাকা থেকে তিনি পালিয়ে যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল। নেপাল থেকে দেশে ফেরার খবরের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে। পলাতক রাজাকে পুনরায় গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম অভিযান চালাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন