চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে দামুড়হুদা উপজেলা সদর ওদুদ শাহ ডিগ্রি কলেজসংলগ্ন ইটভাটা এলাকায় বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মহাসড়কে গাছ ফেলে যানবাহনের গতি রোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার রুহুল কবির খান। এ সময় দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দীন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। প্রথমে তারা দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের বাসিন্দা ভ্যানচালক জুয়েলের পথ রোধ করে তার কাছ থেকে নগদ টাকা ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয়। পরে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতেরা মহাসড়কে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট চালায়। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনায় কেউ হতাহত হননি।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দীন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

