সাতক্ষীরার শ্যামনগরে মোবাইল অ্যাপসের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়া পরিচালনার সময় সালাউদ্দিন (২২) নামের এক তরুণকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবির একটি বিশেষ টিম শ্যামনগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার গড়কুমারপুর গ্রামের মুকুল সানার বসতবাড়িতে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে।
এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোররাতে ওই বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সঙ্গে জড়িত কয়েকজন কৌশলে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মুকুল সানার ছেলে সালাউদ্দিনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
—এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

