জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (এমপি) বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে পাঁচ বছরে এক কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। একজনকেও তারা চাকরি দিতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভয়নগর উপজেলা নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের তরুণ সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। কিন্তু যারা জনগণকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।
মাদক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ঈদের পর মাদকবিরোধী অভিযান শুরু হবে। কিন্তু সেই ঈদ আর আসেনি, কোনো অভিযানও পরিচালিত হয়নি। বরং উল্টো তার নিজের এলাকা দিয়েই বাংলাদেশে মাদক সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু (এমপি) এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দেন।
এ সময় যশোর জেলা ও স্থানীয় এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

